ব্রিটিশ ভিসা প্রসেসিং
নয়াদিল্লিতে স্থানান্তর না করার দাবিতে সিলেটে সভা
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২২:৪৫
বাংলাদেশিদের ব্রিটিশ ভিসার আবেদন যাচাই-বাছাই ও ভিসা দেয়া-না দেয়ার সিদ্ধান্তের বিষয়টি আগামী সেপ্টেম্বর থেকে ঢাকার পরিবর্তে ভারতের নয়াদিল্লীস্থ ব্রিটিশ হাইকমিশন অফিসে সম্পন্ন হবে এমন খবরে লন্ডন প্রবাসী অধ্যুষিত সিলেটে নানা উদ্বেগ ছড়িয়ে পড়ছে। ভিসা প্রসেসিংয়ে ব্রিটিশ সরকারের নতুন এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে গত মঙ্গলবার রাতে সিলেট মহানগরীর আম্বরখানায় ব্যবসায়ী, ছাত্র, সমাজসেবীসহ নানা পেশার মানুষের এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে ব্রিটিশ সরকারের নতুন সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। এছাড়া ‘বাংলাদেশ-ব্রিটিশ স্বার্থরক্ষা’ নামে একটি কমিটিও গঠন করা হয়েছে।
আম্বরখানার ব্যবসায়ী ও সিলেট চেম্বার অব কমার্সের সদস্য রিমাদ আহমদ রুবেলের সভাপতিত্বে এবং স্বাধীন সামাজিক সংগঠনের সভাপতি রাশেদুজ্জামান রাশেদের পরিচালনায় অনুষ্ঠিত যৌথ সভায় বক্তারা বলেন, এ প্রক্রিয়া ভিসা প্রত্যাশীদের হয়রানির মাত্রা বাড়াবে। পাশাপাশি ভিসা প্রত্যাশীদের ভিসাপ্রাপ্তির সম্ভাবনা কমিয়ে দিবে। সভায় এ বিষয়ে সিলেটে সভা-সেমিনার আয়োজনসহ প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে ১৩ সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। কমিটিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসকে প্রধান উপদেষ্টা করা হয়।
কমিটি কয়েকদিনের মধ্যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র মতে, সেপ্টেম্বর থেকে বাংলাদেশিদের ব্রিটিশ ভিসার আবেদন আগের মতো ঢাকা ও সিলেটে ব্রিটিশ হাইকমিশন অফিসে জমা নেয়া হবে। তবে ভিসার অন্য সব প্রক্রিয়া সম্পন্ন হবে নয়াদিল্লীতে। এমন সিদ্ধান্ত গ্রহণ করা হলে বাংলাদেশ থেকে ব্রিটিশ ভিসার আবেদনকারীরা অবর্ণনীয় দুর্ভোগ, সময়ক্ষেপণে পড়বেন বলে মনে করা হচ্ছে। ভিসাপ্রাপ্তির হারও কমে যেতে পারে বলে অনেকে আশংকা করছেন।