চাঁদাবাজির অভিযোগে ডুমুরিয়ায় ৫ পুলিশ ক্লোজড

চাঁদাবাজি ও যাত্রী হয়রানির অভিযোগে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারস্থ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এক এসআইসহ পাঁচজনকে গতকাল বুধবার সকালে ফরিদপুর হাইওয়ে পুলিশ সুপারের দফতরে ক্লোজ করা হয়েছে। জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে খুলনা-সাতক্ষীরা সড়কের বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশির নামে চাঁদা আদায়সহ যাত্রীদের হয়রানি করতো। এ ব্যাপারে হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর গতকাল সকালে এসআই দীন মোহাম্মাদ, এএসআই আব্বাস উদ্দিন, সিপাহী সিরাজউদ্দীন, মোঞ্জেল ও হাবিবুর রহমানকে ফরিদপুর হাইওয়ে পুলিশ সুপারের দফতরের ক্লোজ করা হয়েছে। চুকনগর হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই সজল কান্তি পাল মোবাইল ফোনে জানান, তাদেরকে কী কারণে ফরিদপুরে নেয়া হয়েছে তা আমার জানা নেই, বিষয়টি ওসি আব্দুল মান্নান ফারাজী জানেন। ওসি জানান, এ বিষয়ে আমি কিছুই জানি না। তবে ফরিদপুর হাইওয়ের এএসপি আশরাফুল্লাহ তাহের জানান একটি অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।