অস্ত্র মামলায় দণ্ড: নিজাম হাজারীর আপিলের নথি তলব করেছে হাইকোর্ট
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২২:৫৪
অস্ত্র মামলায় বিচারিক আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর করা দুটি আপিলের নথি তলব করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিট মামলার রুলের উপর চূড়ান্ত শুনানিকালে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। আদেশে নিজাম হাজারীর জামিনে মুক্তি সংক্রান্ত (ফৌজদারি আপিল) ও দণ্ডাদেশ বহাল সংক্রান্ত আপিলের নথি পরীক্ষার জন্য আদালতে দাখিল করতে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেয়া হয়।
এদিকে, কারাগার থেকে নিজাম হাজারীর জামিনে মুক্তির দিনক্ষণ নিয়েও বিতর্ক উঠেছে। চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ এক প্রতিবেদনে হাইকোর্টকে জানিয়েছে, ২০০৬ সালের ১ জুন নিজাম হাজারী মুক্তি পান। অপরদিকে দৈনিক প্রথম আলো লিখিতভাবে আদালতকে জানিয়েছে, নিজাম হাজারী ২০০৫ সালের ১ ডিসেম্বর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এর প্রেক্ষিতে হাইকোর্ট উক্ত দৈনিকটির তথ্যের বিষয়ে কারা কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে বলেছে। আগামী ৩১ আগস্টের মধ্যে আইজি প্রিজন ও চট্টগ্রাম কারাগারের জ্যেষ্ঠ জেল সুপারকে এ বিষয়ে হলফনামা দিতে বলা হয়েছে।
আদালতে নিজাম হাজারীর পক্ষে ছিলেন এডভোকেট নূরুল ইসলাম সুজন, রিটকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এবং প্রথম আলোর পক্ষে এডভোকেট আফতাব উদ্দিন সিদ্দিকী।