জেলগেটে ফের গ্রেফতার চট্টগ্রাম নগর জামায়াতের আমীর

নগরীর কোতোয়ালি থানায় দায়ের করা ভাংচুর মামলায় জামিন লাভ করলেও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের গেট থেকে পুনরায় গ্রেফতার হয়েছেন মহানগর জামায়াতের আমির মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম। জেলার লোহাগাড়া থানায় দায়ের করা দু’টি ভাংচুর মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল বুধবার তাকে পুনরায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এম ছগীর মিয়া এ তথ্য নিশ্চিত করেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এম ছগীর মিয়া জানান, কারাগারে আটক থাকা অবস্থায় বিভিন্ন থানায় দায়ের করা ১০টি মামলায় মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম জামিন লাভ করেন। কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলায় গতকাল সকাল ৯টার দিকে তাকে মুক্তি দেয়া হয়। তবে লোহাগাড়া থানায় দায়ের করা দু’টি ভাংচুর মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে ফের কারাগারে পাঠিয়েছে বলে জানান তিনি। প্রসঙ্গত, গত ১২ মে নগরীর দেওয়ানবাজার এলাকায় জামায়াতের কার্যালয়ে এক বৈঠক থেকে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির সাবেক এমপি মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম ও সেক্রেটারি নজরুল ইসলামসহ ২১ জনকে আটক করে পুলিশ।