বরিশালে নদীভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

সদর উপজেলার তালতলী থেকে লামচরিহাট পর্যন্ত নদী ভাঙ্গন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ ও জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের দাবিতে গতকাল বুধবার নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দার্শনিক আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরির উদ্যোগে অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। এসময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে কীর্তনখোলার ভাঙ্গনে চরবাড়িয়া ইউনিয়নের লামচরি গ্রাম অনেকাংশে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে দার্শনিক আরজ আলী মাতুব্বরের স্মৃতি বিজরিত বাড়িসহ পাঠাগার। বক্তারা নদী ভাঙ্গন প্রতিরাধে ও সড়কটি সংস্কারের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন। আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরির সভাপতি শাহ আজিজুর রহমানের সভাপতিত্বে একাত্মতা প্রকাশ করে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ্যাডভোকেট একে আজাদ, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট তরুণ চন্দ্র, মোঃ আইউব হোসেন প্রমুখ।