তিস্তা দ্বিতীয় সেতুতে রেল পথ সংযোজনের দাবিতে মানববন্ধন
উলিপুর( কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২২:৫৫
গাইবান্ধার সুন্দরগঞ্জ-চিলমারী পয়েন্টে দ্বিতীয় তিস্তা সেতুতে রেললাইন স্থাপনের দাবিতে উলিপুরে দীর্ঘ মানববন্ধন রচনা করে সহস্রাধিক মানুষ। জেলার পরিবেশ উন্নয়ন গণকমিটির আয়োজনে গতকাল বুধবার সকালে কুড়িগ্রাম-চিলমারী সড়কের বড় মসজিদ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মিঞা, রাজনীতিক সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, আবু সাঈদ সরকার, প্রভাষক মিজানুর রহমান, শিক্ষক রেজাউল হক, আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক নাহিদ নলেজ প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধু সেতু থেকে চিলমারী পর্যন্ত ৪ লেনের আঞ্চলিক মহাসড়ক নির্মাণে ৮ হাজার কোটি টাকা বরাদ্দ ও চিলমারী-সুন্দরগঞ্জ পয়েন্টে দ্বিতীয় তিস্তা সেতু নির্মাণের উদ্যোগ নেয়ায় সরকারকে অভিনন্দন জানান। ২০১৫ সালের জুলাই মাস থেকে এ মহাসড়কের নির্মাণ কাজ শুরু হবে। প্রস্তাবিত ব্রিজে রেললাইন স্থাপনের দাবিতে ইতিমধ্যে কুড়িগ্রাম জেলার মানুষ মানববন্ধন কর্মসূচির পাশাপাশি গণস্বাক্ষর সংগ্রহ শুরু করেছে।