বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাসহ মোট ১৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এদের বিরুদ্ধে গতকাল বুধবার দুপুরে ফেনীর আদালতে চার্জশিট জমা দিয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এতে প্রত্যেক আসামির মৃত্যুদন্ড চাওয়া হয়েছে। এছাড়া এই হত্যাকান্ডে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়া যাওয়ায় সোনাগাজী থানা পুলিশের হাতে গ্রেফতারকৃত ৫ জনকে মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে। এদিকে চার্জশিট দাখিলের পর এক প্রতিক্রিয়ায় নুসরাতের মা শিরিন আক্তার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম চার্জশিটটি আদালতে জমা দেন। ঘটনার এক মাস ২১ দিনের মাথায় মামলাটির চার্জশিট দেওয়া হলো। চার্জশিটের সকল কাগজপত্রের নথি ৮০৮ পৃষ্ঠা, এরমধ্যে মূল চার্জশিট ২২ পৃষ্ঠার। আলামত সংখ্যা ১০। আদালত সূত্র জানায়, এটি নারী ও শিশু নির্যাতন আইনের মামলা। তাই এর নথি আজ বৃহস্পতিবার জেলা জজ আদালতে পাঠানো হবে। এরপর পরবর্তী কার্যক্রম শুরু হবে।
অভিযুক্ত ১৬ আসামি :ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার বহিষ্কৃত অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে হুকুমের আসামি করা হয়েছে। তিনি হত্যাকান্ডের সময় জেলে থাকলেও তার নির্দেশনায়ই হত্যাকান্ড সংঘটিত হয়েছে। অপর ১৫ জন হচ্ছেন- সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন (৫৫), সোনাগাজী পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মাকসুদ আলম (৫০), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন (১৯), হাফেজ আবদুল কাদের (২৫), আফছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মণি (১৯), উম্মে সুলতানা পপি (১৯), আবদুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন মামুন (২২), মোহাম্মদ শমীম (২০) ও মহিউদ্দিন শাকিল (২০)।
‘ওসি মোয়াজ্জেম কেন আসামি নয়’ :ওসি মোয়াজ্জেমকে কেন এ মামলায় আসামি করা হয়নি-এমন প্রশ্নের জবাবে পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, পিবিআই প্রধান কার্যালয় থেকে একটি তদন্ত দল তাঁর বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রী ও পিবিআইকে ধন্যবাদ নুসরাতের মার :ফেনী প্রতিনিধি জানান, নুসরাত হত্যা মামলার চার্জশিট দাখিল করায় পিবিআইকে ধন্যবাদ জানিয়েছে তাঁর পরিবার। তারা হত্যাকান্ডে জড়িত সব আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। নুসরাতের মা শিরিন আক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, উনার কারণে নুসরাত হত্যা মামলার সব আসামিকে পিবিআই দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করেছে। প্রধানমন্ত্রীর জন্য মন থেকে দোয়া করি।