আন্দোলনে গেলে ব্রাজিলের মতো সাত গোলে হারবে বিএনপি
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২২:৫৬
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি নেত্রীর উদ্দেশে বলেছেন, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা না করে আগে নিজের দল গোছান। কারণ বিপদের সময় আপনার দলের নেতারা পাশে থাকেন না। তাই দলকে সুসংগঠিত না করে আন্দোলনে গেলে ব্রাজিলের মতো সাত গোলে পরাজিত হবেন।
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে গণতন্ত্র অবরোধ দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সালের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তাই অযথা আন্দোলন করে জ্বালাও-পোড়াও করে, নৈরাজ্য সৃষ্টি করবেন না। ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, ছাত্রলীগের ভিতর যদি কেউ খারাপ থাকে তাহলে তাদের সংগঠন থেকে বাদ দিতে হবে। গুটিকয়েকের জন্য হাজার হাজার ছাত্রলীগ নেতার দুর্নাম হতে পারে না।
এদিকে বিকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ক্যান্সার রোগে আক্রান্তদের চিকিত্সার জন্য রাজধানীর ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে আধুনিক রেডিও থেরাপি অ্যাক্সেলেটর মেশিন স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর ফলে আক্রান্তরা দেশেই ক্যান্সারের উন্নত চিকিত্সা সেবা পাবেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী ক্যান্সারসহ বিভিন্ন রোগের বিশেষায়িত চিকিত্সা সেবা পর্যায়ক্রমে দেশের সকল জেলায় পৌঁছে দেয়া হবে এ কথা জানিয়ে বলেন, প্রথমে বড় জেলা শহরের সদর হাসপাতাল এবং পরে অন্যান্য স্থানে এ ধরনের চিকিত্সা সেবা কেন্দ্র স্থাপন করা হবে। ওইসব হাসপাতালে আইসিইউ ও সিসিইউ ইউনিটও স্থাপন করা হবে। পরে মন্ত্রী জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতাল পরিদর্শন করেন।