কালী রঞ্জন বর্মণ-এর ‘অন্তরঙ্গ অনুভাবন’

দেখা-অদেখার প্রতিফলন জিয়াউল হক হাওলাদার অন্তরঙ্গ অনুভাবন কালী রঞ্জন বর্মণ প্রচ্ছদ : উত্তম সেন প্রকাশক :কাশবন প্রকাশন মূল্য : ১৫০ টাকা সমাজে নানা চিন্তা-দর্শনের বহুমুখী প্রতিভার কিছু মানুষ আছেন, যাঁরা সহজ-সাবলীলভাবে কঠিন সময়ের জটিল প্রেক্ষাপটগুলো সবালীল লেখনীতে তুলে ধরতে পারেন। এমনই একজন সমকালীন বহুমাত্রিক লেখক কবি কালী রঞ্জন বর্মণ। সম্প্রতি প্রকাশিত তাঁর প্রবন্ধগ্রন্থ ‘অন্তরঙ্গ অনুভাবন’ যেন এসবেরই সার্থক প্রতিফলন। মুক্তিযুদ্ধের স্মৃতিসহ জীবনাভিজ্ঞতা এবং নিজস্ব চিন্তার মাত্রায় অনুধাবিত সমাজের ঘটমান বিভিন্ন বিষয় তিনি বইটিতে তুলে ধরেছেন। মোট ১২টি প্রবন্ধ দিয়ে বইটি সাজানো হয়েছে। এর মধ্যে—‘আমাদের ছোটগল্পে দেশকাল’, ‘আমাদের গল্পের তিন ধারা’, ‘একুশের চেতনায় বাংলা কবিতা’, ‘এস এম সুলতান : অমলিন স্মৃতির সঞ্চয়’, ‘অকাতরে প্রাণ যে করিবে দান’, ‘নৈতিক মূল্যবোধ ও আমাদের যুব সমাজ’ প্রবন্ধগুলোতে বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন প্রেক্ষাপটসহ আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং নৈতিকতাকে তাঁর চিন্তা এবং আদর্শিক দর্শনে ঋদ্ধ রচনায় তিনি গণ-মানুষের ইচ্ছার প্রতিফলন সৃষ্টিতে সচেষ্ট হয়েছেন। মুক্তিযুদ্ধের পূর্বাপর অভিজ্ঞতায় স্নাত ভিন্ন ভঙ্গি ও বিচিত্র ভাবনার রচনাসম্ভার কালী রঞ্জন বর্মণের ‘অন্তরঙ্গ অনুভাবন’ পাঠককে যেমন স্মৃতিকাতর করে তুলবে তেমনি নতুন চিন্তারও খোরাক জোগাবে।