গ্রামে এখনও অনেক কুসংস্কার রয়েছে দীপা খন্দকার

বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত ধারাবাহিক নাটক ‘উজান গাঙের নাইয়া’য় একজন দক্ষ ও প্রশিক্ষিত দাই মারুফার চরিত্রে অভিনয় করেছেন দীপা খন্দকার। আর এ চরিত্রটির মাধ্যমে তিনি খুব তাড়াতাড়ি দর্শকদের কাছের একজন মানুষে পরিণত হবেন বলে আশা করছেন তিনি। তিনি বলেন, ‘মারুফার মতো চরিত্রগুলো গ্রামের মানুষের খুব কাছের একজন মানুষ। জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়ে মারুফাকে কাছে পায় গ্রামের মানুষ।’ তাই এ চরিত্রটিতে অভিনয় করে বেশ আত্মতৃপ্তি পেয়েছেন বলে জানান এই অভিনেত্রী। দীপা খন্দকার বলেন, ‘গ্রামে এখনও অনেক কুসংস্কার রয়েছে। একজন গর্ভবতী অসুস্থ হলে নানাজনে নানা মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আর এই ধরনের পরিস্থিতিতে ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা বেড়ে যায়। এমন অবস্থায় একজন দক্ষ ও প্রশিক্ষিত দাইয়ের সঠিক নির্দেশনা অনেক বেশি প্রয়োজন।’ ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী মনে করেন বাংলাদেশেও এখন বেশ ভালো মানের কাজ হচ্ছে। তার মতে অনেক নাট্যকার, পরিচালক এবং কলা-কুশলীরা এখন অনেক পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন এবং তাদের মধ্যে শেখার প্রবণতাও এখন অনেক বেশি। বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত ‘উজান গাঙের নাইয়া’ নাটকটি পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম ও বাশার জর্জিস। নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, চঞ্চল চৌধুরী, দীপা খন্দকার, অর্চিতা স্পর্শিয়া, কাজী নওশাবা আহমেদ, শ্যামল মওলা, শাহেদ আলী, ইশরাত নিশাত, মোমেনা চৌধুরীসহ আরও অনেকে। নাটকটি প্রচার হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে প্রতি রবিবার রাত ৮টা ৩০ মিনিটে এবং পুনঃপ্রচার হচ্ছে বৃহস্পতিবার সকাল ৮টা ৩৫ মিনিটে।