দক্ষিণ কোরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫
প্রকাশ : ১৭ জুলাই ২০১৪, ২০:৪৯
দক্ষিণ কোরিয়ার গয়াংজু’ নগরীর আবাসিক এলাকায় একটি বিদ্যালয়ের কাছে বৃহস্পতিবার দমকল বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। তারা সকলেই ওই হেলিকপ্টারের আরোহী ছিল। সরকারি কর্মকর্তারা একথা জানান।
এ ঘটনায় সেখানের কোন বাসিন্দার নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বেলা ১১টার কিছু আগে বিধ্বস্ত হওয়া এ হেলিকপ্টারের উড়ে আসা ধ্বংসাবশেষের আঘাতে উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছে।
বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, গত এপ্রিলে দক্ষিণাঞ্চলীয় উপকূলে ডুবে যাওয়া ফেরির উদ্ধার কার্যক্রমে সহায়তা শেষে ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় দমকল বাহিনীর প্রধান মুন কি-শিক জানান, ঘটনাস্থলে হেলিকপ্টারে থাকা পাঁচ ক্রু’র সবাই নিহত হয়েছে। তাত্ক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি।
দুই ইঞ্জিন বিশিষ্ট এ চপার হেলিকপ্টারটির নির্মাতা প্রতিষ্ঠানের নাম এয়ারবাস হেলিকপ্টারস।