ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৮

ঘূর্ণিঝড় রামমাসানের আঘাতে লণ্ডভণ্ড ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সরকারি কর্মকর্তারা এ খবর জানান। —খবর টাইমস অব ইন্ডিয়ার। প্রচণ্ড বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় পরিস্থিতির ভয়াবহতায় বুধবার হাজার হাজার লোক প্রাণভয়ে অন্যত্র চলে যায়। এ কারণে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল, অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল বুধবার রাত পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও এ সংখ্যা পরে আরও বাড়তে থাকে। মৃতের সংখ্যা ৩৮ জনে দাঁড়ায়। বেশির ভাগ হতাহতের ঘটনাই ঘটে গাছ উপড়ে পড়ে। ঘূর্ণিঝড় পরবর্তী পদক্ষেপ হিসাবে তারা রাস্তা-ঘাট পরিষ্কার ও আনুষঙ্গিক অন্যান্য কাজ করছেন। বিদ্যুত্ ব্যবস্থা এখনো অনেক স্থানে স্বাভাবিক হয়নি। দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের নির্বাহী পরিচালক বলেন, ঘর-বাড়ি ছেড়ে আসা হাজার হাজার লোককে জরুরি আশ্রয় কেন্দ্রে ঠাঁই দেয়া হয়েছে।