স্বেচ্ছা মৃত্যু: ভারতে সব রাজ্যের মতামত চায় সুপ্রিম কোর্ট

বিশেষ বিশেষ ক্ষেত্রে মৃত্যু বেছে নেয়ার অধিকার থাকা উচিত কি না, এবার তাই নিয়ে দেশজোড়া আলোচনার আহ্বান জানাল সুপ্রিম কোর্ট। দীর্ঘ রোগশয্যায় কার্যত জীবন্মৃত রোগীর জন্য স্বেচ্ছা-মৃত্যুর অনুমতি দেয়া যায় কি? এই ব্যাপারেই দেশের সবকটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মত জানতে চেয়েছে শীর্ষ আদালত। গত ফেব্রুয়ারি মাসেই তত্কালীন প্রধান বিচারপতি সি সদাশিবমের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বলেছিল, পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। সেই সাংবিধানিক বেঞ্চে এখন মামলা শুনানি চলছে। গতকাল বৃহস্পতিবার রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলোকে নোটিস জারি করে আট সপ্তাহের মধ্যে মতামত দিতে বলেছে বেঞ্চ। বহু দেশেই ইদানীং স্বেচ্ছা মৃত্যু আইনি বৈধতা পেয়েছে। ভারতে এ নিয়ে দীর্ঘ আইনি বিতর্ক চলছে। বুধবারই সুপ্রিম কোর্টে নরেন্দ্র মোদীর সরকার স্বেচ্ছা-মৃত্যুকে আইনি স্বীকৃতি দেয়ার তীব্র বিরোধিতা করেছিল। কেন্দ্রের যুক্তি ছিল, জীবন্মৃত রোগীকে স্বেচ্ছা-মৃত্যুর সুযোগ দেয়া মানে আত্মহত্যার অধিকার দেয়া। আইনের চোখে আত্মহত্যা অপরাধ।