সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণ
রানীনগর (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ১৭ জুলাই ২০১৪, ২১:০৪
নওগাঁর রানীনগরে সরকারি খাল দখল করে প্রভাবশালী দখলবাজরা ইটের আরসিসি পিলার দিয়ে দোকান ঘর নির্মাণ করেছে।
উপজেলার কাটরাশইন হাটখলার দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাওয়া খালের তিন ভাগের এক ভাগ ও ইট পাড়া রাস্তা সংলগ্ন সরকারি খাস জায়গা দখল করে স্থানীয় ইউপি মেম্বার চাঁন মিয়া (৪০) ও রঞ্জু মেকার (৩০) নামের দুই ব্যক্তি নিজেদের পেশী জোরে ও প্রভাবশালী মহলের সহযোগিতায় খালের অনেক গভীর থেকে ইটের আরসিসি পিলার দিয়ে স্থায়ীভাবে দোকান ঘর নির্মাণ করেছে। এতে স্থানীয়দের মাঝে এক চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেক দোকানদাররা অভিযোগ করে বলেন, চাঁন মেম্বার এলাকায় একজন ভূমিদস্যু মেম্বার বলে পরিচিত। সে স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় ও নিজের পেশীবলের জোরে সরকারি এই খাস জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করেছে।
মেম্বার চাঁন মিয়া ও রঞ্জু মেকার জানান, আমাদের কাছে সরকারিভাবে বৈধ কোন কাগজপত্র নেই। আমরা হাটখলায় অবস্থিত স্থানীয় মাদ্রাসায় প্রতি মাসে অর্থ দেয়ার চুক্তিতে হাট কমিটির সকল সদস্যগণের দেয়া শর্ত ও ১৫০ টাকার ষ্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে কমিটির সকল সদস্যদের অনুমতি সাপেক্ষে আমরা এই খালের উপর দোকান ঘর নির্মাণ করেছি।
এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ সম্পর্কে আমার কিছুই জানা নেই। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাওয়ারী জানান, সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণ করার প্রথম দিকের কথা শুনেছি। পুনরায় সরেজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।