রাস্তা দখল করে ইট ভাটার মাটির স্তূপ

মহেশপুরে সরকারি রাস্তা দখল করে ভাটা মালিকদের মাটির স্তূপ, বৃষ্টি হলেই জনভোগান্তি বেড়ে যাচ্ছে। উপজেলার বিভিন্ন রাস্তার পাশে গড়ে ওঠা ইট ভাটার মাটির ও ইটের স্তূপ বানিয়ে রাস্তা নিজেদের দখলে নিয়েছে ভাটা মালিকরা। মহেশপুর গাড়াবাড়ীয় মোড়-হাবসাপুর রাস্তার হুদোর মোড় নামক স্থানে ইউসুফ ব্রিক্স, রাস্তার উপর মাটির স্তূপ তৈরি করে ১৩ ফুট চওড়া রাস্তার অর্ধেকটা তাদের দখলে। হুদাশ্রীরামপুর গ্রামের মসিয়ার রহমান মাষ্টার জানান, কোন রকম বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্টকর। অপরদিকে মহেশপুর-চৌগাছা রোডের গাড়াবড়ীয়া মোড়ে মনি ব্রি্ক্স রাস্তার উপর মাটি ও ইটের স্তূপ বানিয়েছে। কালীগঞ্জ-জীবননগর সড়কের জিয়া কলেজের সামনে আজব ব্রিক্স হাইওয়ে রোডের সাথে মাটির স্তূপ তৈরি করে রেখেছে। একটু বৃষ্টি হলেই রাস্তা পিচ্ছিল হয়ে যায় এবং দুর্ঘটনা ঘটে। এমন অসংখ্য ইটভাটার মাটির স্তূপ রয়েছে রাস্তার উপর। গত ২১ জুন মহেশপুর থানা চত্বরে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনা হলেও তা আজও কার্যকর হয়নি।