ইউনিয়ন তথ্য কেন্দ্রে হামলা :চেয়ারম্যানসহ চারজন আহত
প্রকাশ : ১৭ জুলাই ২০১৪, ২১:০৬
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন তথ্য কেন্দ্রে বুধবার রাতে হামলা চালিয়ে ভাংচুর ও মারপিট করেছে দুর্বৃত্তরা। এতে ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৪ জন আহত হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী রংপুর-ঢাকা মহাসড়ক প্রায় ৩ ঘন্টা অবরোধ করে রাখে। ফলে মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। কার্যত রাজধানীর সাথে রংপুরের ৮ জেলার যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। পরে গাইবান্ধা থেকে অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল রানা ঘটনাস্থলে এসে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে রাত দেড়টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ তুলে নেয়। পুলিশ তাত্ক্ষণিক মর্জিনা বেগম নামে এক মহিলাকে আটক করে। মর্জিনা ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।