না’গঞ্জে ট্রাক চালককে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ মহানগরের নিতাইগঞ্জে একটি ট্রাকের চালককে পুলিশ মারধর করায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। বৃহস্পতিবার শহরের নিতাইগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বেলা পৌনে ১২টার দিকে ড্রাইভার জামাল ট্রাকে মাল লোড করে সিটি করপোরেশনের নগর ভবনের বিপরীত পাশে সম্রাট গার্মেন্টসের সামনে ট্রাকটি পার্কিং করে। ঐ সময় পুলিশের কনস্টেবল আলমগীর জামালের কাছ থেকে ১৫শ’ টাকা চাঁদা দাবি করে। জামাল টাকা দিতে অসম্মতি জানালে জামালকে কনস্টেবল আলমগীর তার হাতে থাকা বন্দুকের বাট দিয়ে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে অন্যান্য ড্রাইভার ও শ্রমিকরা নিতাইগঞ্জের মন্ডলপাড়া এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এ সময় তারা পুলিশের কাছ থেকে কনস্টেবল আলমগীরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশের সাথে শ্রমিকদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।