ব্রিটেনে অভিবাসীদের ফ্রি চিকিত্সা আর নয়

ইমিগ্র্যান্ট বা অভিবাসীদের জন্য ফ্রি চিকিত্সা সুবিধা বন্ধ করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ স্বাস্থ্যবিভাগের প্রকাশিত নতুন পরিকল্পনা অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আসা ইমিগ্র্যান্টদের চিকিত্সা খরচের চাইতে আরো ৫০ ভাগ বেশি অর্থ পরিশোধ করতে হবে। যারা টুরিস্ট ভিসা কিংবা ৬ মাসের কম সময়ের জন্য ব্রিটেনে আসবেন তাদের জন্য এমন ফি ধার্য করা হয়েছে। ব্রিটেনে স্থায়ী বাসের অনুমতি নেই আবার ৬ মাসের বেশি সময় ধরে ব্রিটেনে থাকবেন (স্টুডেন্ট, বিজনেস বা কর্ম ভিসায় যারা আছেন) তাদের ভিসা আবেদনের সাথেই বার্ষিক ২শ’ পাউন্ড চিকিত্সা লেভি আদায় করা হবে। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী চিকিত্সা ব্যয় ১শ’ পাউন্ড হলে নন ইউরোপীয় ইমিগ্র্যান্টদের কাছ থেকে ১৫০ পাউন্ড আদায় করবে এনএইচএস। সচরাচর ঘটে এমন কিছু অপারেশনের ফিও ধার্য করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। যেমন সন্তান জন্মদানে ২২২৪ পাউন্ড (প্রায় ৩ লাখ টাকা) চোখের ছানি অপারেশনের জন্য ১৮৬০ পাউন্ড (প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা) এবং হিপ রিপ্লেসমেন্টে জন্য গুণতে হবে ৮৫৭০ পাউন্ড (প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকা)। ব্রিটিশ করদাতাদের অর্থে এনএইচএস পরিচালিত হয়। এ কারণে চিকিত্সার জন্য কোনো ফি নেয়া হয় না। এনএইচএসের নীতি অনুযায়ী যারা ব্রিটেনের বাসিন্দা নন তারাও জুরুরি মুহূর্তে চিকিত্সা সেবা পেয়ে থাকেন। অনেকে ফ্রি চিকিত্সার জন্য ভ্রমণ ভিসা নিয়ে ব্রিটেনে চলে আসেন। সরকার বলছে তথাকথিত হেলথ ট্যুরিস্টদের ঠেকাতে এই ব্যবস্থা নেয়া হয়েছে। সরকারি তথ্য মতে, ব্রিটেনের বাসিন্দা নয়— এমন ব্যক্তিদের চিকিত্সার জন্য প্রতি বছর এনএইচএসের ২ বিলিয়ন পাউন্ড খরচ হয়। এ অর্থের ঘাটতি মেটাতে সরকার ইমিগ্র্যান্টদের চিকিত্সায় ফি চালু করেছে। সেসব এনএইচএস ট্রাস্ট ইমিগ্র্যান্টদের কাছ থেকে ফি আদায়ে ব্যর্থ হবে তাদেরকে জরিমানা করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জেরেমি হান্ট বলেন, ভিজিটররা এনএইচএস থেকে চিকিত্সা নেবে এতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তাদেরকে এই চিকিত্সা সেবার ব্যয় নির্বাহ করতে হবে; ব্রিটেনের বাসিন্দারা যেমনটি কর প্রদানের মাধ্যমে করছেন। তিনি বলেন, এই বিধানটি বাস্তবায়িত হলে ব্রিটিশ করদাতাদের প্রতি ন্যায় এবং সমতা নিশ্চিত হবে। কবে থেকে এ ফি নেয়া শুরু হবে সে বিষয়টি এখনো জানা যায়নি।