ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে জার্মানি

ব্রাজিল বিশ্বকাপে দলগুলোর পারফরম্যান্সের প্রভাব দেখা গেছে ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়েও। গতকাল ফিফার সর্বশেষ ঘোষিত র্যাঙ্কিংয়ে স্বাভাবিকভাবেই শীর্ষে উঠে এসেছে ব্রাজিল বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানি। র্যাঙ্কিংয়ে গত ২০ বছরের মধ্যে এটাই তাদের সর্বোচ্চ সাফল্য। জার্মানদের পরের অবস্থানেই রয়েছে বিশ্বকাপের রানার্স-আপ আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের আগে র্যাঙ্কিংয়ে জার্মানির অবস্থান ছিল দুই নম্বরে। রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে গত রোববার অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পাশাপাশি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও নিশ্চিত করেছে জোয়াকিম লোর শীষ্যরা। তিন ধাপ উন্নতি হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনার। বিশ্বকাপের আগে তাদের র্যাঙ্কিং ছিল পাঁচ নম্বরে। অবাক করার মতো উন্নতি হয়েছে ব্রাজিল বিশ্বকাপে তৃতীয়স্থান অধিকারী দল নেদারল্যান্ডসের। এক লাফে ১২ ধাপ উপড়ে চলে আসা দলটির অবস্থান এখন তিন নম্বরে! ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী জেমস রড্রিগেজের দল কলম্বিয়া চার ধাপ উন্নতি করেছে। তাদের অবস্থান এখন চার নম্বরে। ছয় ধাপ উপড়ে উঠে আসা বেলজিয়ামের র্যাঙ্কিং পাঁচ নম্বরে। এক ধাপ উপড়ে ওঠে এসেছে উরুগুয়ে। তারা আছে ছয় এখন নম্বরে। সাত ধাপ উন্নতি হওয়া ফ্রান্সের অবস্থান ১০ নম্বরে। র্যাঙ্কিংয়ে অভাবনীয় উন্নতি হয়েছে কোস্টারিকার। ১২ ধাপ উপড়ে আসা দলটির অবস্থান এখন ১৬ নম্বরে! এদিকে, চার ধাপ অবনমন হয়েছে নিজেদের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নেয়া ব্রাজিলের। তাদের র্যাঙ্কিং এখন সাত নম্বরে! সাত ধাপ অবনমন হয়েছে আগের আসরের বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনের। তাদের অবস্থান এখন আট নম্বরে! এছাড়া সাত ধাপ অবনমন হওয়া পর্তুগাল আছে ১১ নম্বর স্থানে, পাঁচ ধাপ অবনমন হওয়া ইতালি আছে ১৪ নম্বর স্থানে এবং ১০ ধাপ অবনমন হওয়া ইংল্যান্ড আছে ২০ নম্বর স্থানে।