জাতিসংঘ ছাড়ছেন আমিরাহ হক
প্রকাশ : ১৭ জুলাই ২০১৪, ২২:১৯
বিশ্বে ১ লাখের বেশি জাতিসংঘ শান্তিরক্ষীদের রসদ ও সহায়তা বিভাগের দায়িত্বে থাকা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরাহ হক তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত মঙ্গলবার এ কথা জানান। আগামী অক্টোবরে ‘ডিপার্টমেন্ট অব ফিল্ড সার্ভিস’ (ডিএফএস) থেকে বাংলাদেশি আমিরাহ হক পদত্যাগ করবেন বলে ভারতের পিটিআইর এক প্রতিবেদনেও বলা হয়েছে।
দীর্ঘ ৩৮ বছর ধরে জাতিসংঘের বিভিন্ন পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় আমিরাহ হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বান কি মুন। জাতিসংঘে দায়িত্ব পালনকালে পূর্ব তিমুর থেকে সুদান, আফগানিস্তান, মালয়েশিয়া এবং লাওসে উন্নয়ন, মানবিক সহায়তা ও শান্তিরক্ষা নিয়ে তিনি বিস্তর কাজ করেছেন। তার পদে কে নিয়োগ পাচ্ছেন সে বিষয়ে জাতিসংঘ মহাসচিব কারো নাম উল্লেখ করেননি। এমনকি তার সরে দাঁড়ানোর কারণও উল্লেখ করা হয়নি।
তবে যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতা প্রতিষ্ঠান ইনার সিটি প্রেসের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে আমিরাহ হকের ডিএফএস প্রধানের পদ থেকে সরে যাওয়ার পেছনে চাপ ছিল বলে জানানো হয়েছে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ওই ওয়েবসাইটটি ১৪ জুলাই আমিরাহ হকের পদত্যাগের খবর দেয়। তার পদে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক বিভাগের প্রধান ফরাসি নাগরিক হার্ভে ল্যাডসাওস, জাতিসংঘের বিশেষ দূত আমেরিকার নাগরিক জেনি হল লুট ও বর্তমানে জাতিসংঘের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও গায়ানার নাগরিক ক্যাথরিন পোলার্ডদের কেউ একজন প্রার্থী হতে পারেন।