গ্রাম ও শহরের উন্নয়নে সমতা আনা জরুরি

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, রাজধানী ও গ্রামের উন্নয়নের ক্ষেত্রে সমতা আনা প্রয়োজন। তিনি বলেন, সবকিছু ঢাকা কেন্দ্রিক আর গ্রামের ক্ষেত্রে অবহেলা- এ অবস্থা চলতে দেয়া যাবে না। প্রশাসন বিকেন্দ্রিকরণের কথা শুধু মুখে বললেই চলবে না, এর সুবিধা তৃণমূলে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি নতুন হাটে জাতীয় পার্টি (জেপি) আয়োজিত এক সুধী সমাবেশে মন্ত্রী আরো বলেন, জবাবদিহিতা তথা মানুষের প্রশ্ন করার অধিকার বজায় রাখার জন্য দেশে অবশ্যই ভোটের রাজনীতি চালু রাখতে হবে। শান্তিপূর্ণ নির্বাচন ব্যবস্থা না থাকলে শান্তি ও স্থিতিশীলতা থাকবে না। দেশে রাজনৈতিক মতভেদ থাকবে; কিন্তু এলাকার উন্নয়নের ক্ষেত্রে একমত হয়ে কাজ না করলে জনগণের স্বার্থ বিনষ্ট হয়। তাই দলমতের ঊর্ধ্বে উঠে উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। জেপি চেয়ারম্যান বলেন, আমরা কাজের চেয়ে কথা বেশি বলি। বেশি কথা বলার এই প্রবণতা পরাধীন আমলের অভ্যাস। মনে রাখতে হবে- স্বাধীন দেশে আমাদের অনেক দূর যেতে হবে। আমরা যে অবস্থানে আছি সেখান থেকেই কাজ করতে হবে। তিনি বলেন, উন্নয়ন খাতে যে সামান্য বরাদ্দ আসে তারও সদ্ব্যবহার হয় না। এর জন্য আমরা তরুণ প্রজন্মকে দায়ী করি। শুধু তারাই দায়ী নয়, যে যখন ক্ষমতায় থাকে তাদের চরিত্রের রূপ এক ও অভিন্ন বলে সম্পদের আত্মসাত্-অপচয়ের ক্ষেত্রে সকল সময় একই ধরনের ঘটনা ঘটে। কমিশনবাজি সকল ক্ষমতাসীন দলের স্বাভাবিক রূপ। যা আগেও ঘটেছে, এখনো ঘটে। এ অবস্থার পরিবর্তন হতে হবে। প্রধানমন্ত্রী ভাবেন, এত টাকা দিলাম অথচ কাজ কম হয় কেন। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে যে অর্থ-সম্পদ আসে তার সদ্ব্যবহার করা আমাদের অবশ্যই কর্তব্য। জেপির শিয়ালকাঠি ইউনিয়ন সভাপতি হেমায়েত উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন কাউখালী উপজেলা জেপির সভাপতি মাহবুবুর রহমান খান, কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন মহারাজ, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশীদ তারিক, কাউখালী ইউপি চেয়ারম্যান আমীনুর রশীদ মিল্টন, শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, যুব সংহতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আসাদুজ্জামান মিল্টন, সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার রাজু, যুব সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন সুলতান, জেপি নেতা শাহজাহান হাওলাদার, খান মো. বাচ্চু, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, প্রভাষক হারুন অর রশীদ, ছাত্র সমাজের উপজেলা সভাপতি মঞ্জুরুল মাহফুজ পায়েল, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম সোহেল ও কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল বাশার। এরপর পরিবেশ ও বন মন্ত্রীর উপস্থিতিতে শিয়ালকাঠি ও চিড়াপাড়া ইউনিয়নের দুস্থদের মাঝে সরকারি ভিজিএফ কর্মসূচির চাল এবং দুস্থ কল্যাণ সংস্থার কাপড় বিতরণ করা হয়। এর আগে মন্ত্রী এলজিইডির উদ্যোগে নির্মাণাধীন কাউখালী গ্রোথ সেন্টার থেকে পাঙ্গাশিয়া গ্রোথ সেন্টার পর্যন্ত একটি রাস্তার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় এলজিইডির পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল আলম, কাউখালীর ইউএনও শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোসলেম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল বৃস্পতিবার সড়ক ও জনপথ বিভাগের ভাণ্ডারিয়া-চিড়াপাড়া সড়ক, কাউখালী-আমড়াঝুড়ি সড়ক এবং কাউখালী-ঝালকাঠি সংক্ষিপ্ত সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল মন্ত্রীকে সড়কগুলির নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। মন্ত্রী মান বজায় রেখে সড়ক নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন। বিকালে মন্ত্রী আমড়াঝুড়ি মাধ্যমিক বিদ্যালয় হলরুমে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাম বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করেন। এখানে তিনি প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুত্ কর্মীদের কাজ সঠিকভাবে সম্পাদনে তাদের কোন ধরনের হয়রানি না করে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। আমড়াঝুড়ি ও পারসাতুরিয়া গ্রাম বিদ্যুতায়নে পিরোজপুর পল্লী বিদ্যুত্ সমিতির এলাকা পরিচালক শাহ আলম নসুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমিতির জিএম রবীন্দ্রনাথ দাস, প্রধান শিক্ষক গৌতম দাস প্রমুখ। এরপর পরিবেশ ও বন মন্ত্রী কাউখালী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন। সন্ধ্যার আগে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মন্ত্রী মতবিনিময় করেন। কাউখালীর ইউএনও শহীদুল ইসলামের সভাপতিত্বে এখানে আরো বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু প্রমুখ। এদিকে মন্ত্রীর উপস্থিতিতে গতকাল আমড়াঝুড়ি ইউনিয়ন ও সদর ইউনিয়নের দুঃস্থদের মাঝে সরকারি ভিজিএফ’র চাল ও দুঃস্থ কল্যাণ সংস্থার শাড়ী-লুঙ্গী বিতরণ করা হয়। আমড়াঝুড়িতে ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম তালুকদার প্রমুখ এবং সদরে মানিক কিন্ডার গার্টেনে বর্তমান চেয়ারম্যান ছাড়াও সাবেক চেয়ারম্যান তসলিম উদ্দিন চুন্নু, যুব সংহতির উপজেলা সভাপতি জাকির হোসেন নসু প্রমুখ ত্রাণ বিতরণ করেন। পরে মন্ত্রী উপজেলা জেপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে শরিক হন। ভাণ্ডারিয়া সংবাদদাতা জানান, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল সকালে পিরোজপুরের ভাণ্ডারিয়া বিহারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন। এ সময় ভাণ্ডারিয়া ও কাউখালীর দুই উপজেলা চেয়ারম্যান ছাড়াও ভাণ্ডারিয়ার ইউএনও কাজী মাহবুবুর রশিদ, ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান টিপু, বিহারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর দাস প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর মন্ত্রীর উপস্থিতিতে ভিটাবাড়িয়া ইউনিয়নের সেনেরহাটে দুঃস্থদের মাঝে ভিজিএফ’র চাল এবং দুঃস্থ কল্যাণ সংস্থার কাপড় বিতরণ করা হয়। এসব ত্রাণ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ইউনিয়ন জেপি’র সাধারণ সম্পাদক রেজা আহম্মদ দুলাল প্রমুখ।