বাগেরহাটে ঘুষের টাকাসহ এলজিইডির প্রকৌশলীকে আটক করেছে দুদক
প্রকাশ : ১৭ জুলাই ২০১৪, ২২:৫২
বাগেরহাটের রামপালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. নুরুজ্জামানকে ঘুষের টাকাসহ হাতে নাতে আটক করা হয়েছে। খুলনা বিভাগের দুনীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে ঘুষের ২০ হাজার টাকাসহ হাতে নাতে তাকে আটক করে। পরে দুদক কর্মকর্তারা তাকে রামপাল থানা পুলিশের কাছে সোপর্দ করে।
খুলনা দুনীতি দমন কমিশনের (দুদক) পরিচালক একেএম জাহেদ হোসেন খান জানান, রেইনবো ইন্টারন্যাশনাল নামে এক ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে নিজ কার্যালয়ে বসে ঘুষ গ্রহণের সময় এলজিইডির রামপাল উপজেলা প্রকৌশলীকে আটক করা হয়।
একেএম জাহেদ হোসেন খান আরো জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান রেইনবো ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সেখ গোলাম আযম লিখিতভাবে দুদকের কাছে অভিযোগ করেন যে, তার প্রতিষ্ঠানের মাধ্যমে রামপালে এলজিইডি একটি উন্নয়নমূলক কাজ করে। ওই কাজ করার জন্য তার দুই লাখ ৫০ হাজার টাকা সিকিউরিটি মানি জমা ছিল। কাজ শেষে ওই টাকা উত্তোলনের জন্য এলজিইডির রামপাল উপজেলা প্রকৌশলী তার কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। বৃহস্পতিবার তিনি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে ঘুষ বাবদ ২০ হাজার টাকা পরিশোধ করেন। এসময় দুদকের কর্মকর্তারা অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ তাকে আটক করে। এঘটনায় খুলনা দুদকের উপ-সহকরী পরিচালক এসএম শামীম ইকবাল বাদি হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন। দুদক কর্মকর্তারা ওই মামলা তদন্ত করছেন।