গাজায় হামলা বন্ধ হবে না :ইসরাইল

গাজায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হবার খবর অস্বীকার করে গতকাল বৃহস্পতিবার ইসরাইল বলেছে, ফিলিস্তিনের হামাস চরমপন্থিরা যেহেতু রকেট ছোড়া বন্ধ করছে না সেহেতু গাজাতেও হামলা বন্ধ হবে না। বার্তা সংস্থা এএফপির বরাতে প্রকাশিত যুদ্ধবিরতির খবর ইসরাইল অস্বীকার করার পর ফিলিস্তিনের হামাসও জানায় তারা যুদ্ধবিরতিতে রাজি হয়নি। যুদ্ধবিরতির খবর শুনে বিভিন্ন সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইসরাইল জানায়, কারো সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হয়নি। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এভিগদোর লিবারম্যান বিবিসিকে বলেন, এখনও পর্যন্ত যুদ্ধবিরতির কোনো চুক্তি হয়নি। কারা এজাতীয় খবর গণমাধ্যমের কাছে প্রচার করল তা আমরা জানি না। হামাস জঙ্গিদের সাথে যুদ্ধবিরতি আপতত সম্ভব নয় বলে তিনি জানান। তার এই মন্তব্যের পর গতকাল আরো কয়েক দফা হামলা চালানো হয়। এতে তিনজন নিহত হয়। এর আগে এএফপির খবরে বলা হয়েছিল, ইসরাইল ও ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাস নয় দিন যুদ্ধের পর বৃহস্পতিবার পাঁচ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছ থেকে মানবিক কারণে অস্ত্রবিরতির অনুরোধটি এসেছে। গাজার বাসিন্দাদের প্রয়োজনীয় সরঞ্জামাদি মজুদ করার সুযোগ দিতে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত এই অস্ত্রবিরতি চলবে। প্রতিবেদন অনুযায়ী, অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার কথা নিশ্চিত করেছিলেন হামাসের মুখপাত্র সামি আবু জুখরি। তিনি বলেছেন, তারাও এই সময়ে ইসরায়েলের দিকে রকেট ছোড়া বন্ধ রাখবেন। গাজার কর্মকর্তারা জানিয়েছেন, ৮ জুলাই থেকে গত নয় দিনে ইসরাইলের হামলায় ২২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে সহস্রাধিক। আর হামাসের রকেট হামলায় এক ইসরাইলি নিহত হয়েছে। ইসরায়েল বলেছে, গাজা থেকে ইসরাইলে রকেট হামলা বন্ধে অভিযান চালানো হচ্ছে। জাতিসংঘ বলেছে, গাজায় নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তবে ইসরাইলের অভিযোগ, হামাস বেসামরিক জনবসতির মধ্যে তাদের সামরিক স্থাপনা তৈরি করেছে। ইসরাইলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, অস্ত্রবিরতির সময় হামাসের পক্ষ থেকে কোনো হামলা হলে তার কড়া জবাব দেবে তেল আবিব।