গণভবনে ইফতার মাহফিলে রাজনীতিকদের মিলনমেলা

ইফতার মাহফিলকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে রাজনীতিকদের মিলন মেলা বসেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গতকাল বৃহস্পতিবার ইফতার মাহফিলে শামিল হয়ে নেতারা মেতেছিলেন খোশগল্পে। তাদের ব্যক্তিগত আলোচনায় স্থান পেয়েছে দেশের সর্বশেষ রাজনীতি। করেছেন পরস্পর কুশল বিনিময়। গতকাল প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল এবং প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা যোগ দেন। তবে বিএনপিসহ বিরোধী জোটের কোন নেতা যোগ দেননি প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে। এর আগে গত ২ জুলাই রাজনীতিবিদদের সম্মানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ইফতার মাহফিলে আওয়ামী লীগ নেতারা যাননি। ইফতারের আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় ও তাদের খোঁজখবর নেন। ইফতার মাহফিলের শুরুতেই দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ, শহীদ চার জাতীয় নেতা এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব অধ্যাপক মাওলানা ড. সালাহউদ্দিন আহম্মেদ। ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি, সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, শেখ ফজলুল করিম সেলিম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সতীশ চন্দ্র রায়, সাহারা খাতুন, সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রমুখ।