রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নিহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ নেতা মো. হাসান (৩৩) বোরখা পরিহিত অস্ত্রধারীদের গুলিতে গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে নিহত হয়েছেন। একই ঘটনায় আরো দুই যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের নাম ইব্রাহিম ও আলতাফ ওরফে কানা আলতাফ। আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ রাতে ইত্তেফাককে জানান, ঘটনার সময় নিহত হাসান ও আহত দুইজন উপজেলার মরিয়মনগর চৌমহুনী এলাকায় কানা আলতাফের অফিসে বসে কথা বলছিলেন। এ সময় একটি সিএনজিতে করে দূর্বৃত্তরা বোরখা পরিহিত অবস্থায় সেখানে আসে। তারা ওই অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।