বিএনপির রাজনৈতিক মাঠে জয়ী হওয়ার শক্তি নেই : নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জণগণের ভোটে নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করার কিংবা রাজনৈতিক মাঠে বিজয়ী হওয়ার শক্তি বিএনপির নেই। এ কারণে দলকে সুসংগঠিত না করে যদি তারা আন্দোলনে নামে তাহলে সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবল খেলায় ব্রাজিলের মতোই সাত গোলে তারা পরাজিত হবে। কারণ আওয়ামী লীগ নির্বাচনে ভাল খেলেই বিজয়ী হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গববন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত আওয়ামী লীগ সমর্থক জোট আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় অর্জনসমূহ, উন্নয়ন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি নেত্রীর উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ঈদের পর আন্দোলন করবেন, প্লেয়ার না থাকায় ব্রাজিল কিন্তু সাত গোলে হেরেছে। আর্জেন্টিনা ভালো খেলে হেরে গেল। কিন্তু আমরা নির্বাচনে ভালো খেলেই জিতেছি। আর আপনি খেলার ভয়ে মাঠেই নামলেন না। তার চেয়ে আপনাকে অনুরোধ করি, ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুত হন, দল গোছান। তিনি বলেন, বিএনপির অবস্থা দেখে মনে হচ্ছে ২০১৯ সালের নির্বাচনেও তারা পরাজিত হবেন। কারণ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মানুষের উন্নয়নে কাজ করছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করে লাভ হবে না। মেয়াদ শেষ হওয়ার এক দিন আগেও আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে না। তিনি বলেন, অতীতেও নির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। ২০০১ সালের বিএনপি-জোট সরকারের বিরুদ্ধেও আমরা চূড়ান্ত আন্দোলন করেছিলাম। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগে তারা ক্ষমতা ছাড়েনি। এখনও সেই নির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ হবে না। তিনি বলেন, গত ৫ জানুয়ারি নির্বাচন না হলে বাংলাদেশে থাইল্যান্ডের মতো সামরিক শাসন জারি হতো। সংগঠনের চেয়ারম্যান আবদুল হক সবুজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।