সিরিয়ায় শায়ের গ্যাসক্ষেত্র জঙ্গিদের দখলে

স্বঘোষিত জিহাদী গ্রুপ ইসলামিক স্টেট বৃহস্পতিবার সিরিয়ার কেন্দ্রীয় হমস প্রদেশে পালমিরার মরুভূমি অঞ্চলের একটি গ্যাসক্ষেত্র দখল করে নিয়েছে। হমসের গভর্নর এবং একটি পর্যবেক্ষক গ্রুপ এ খবর নিশ্চিত করেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানায়, ইসলামি স্টেটের যোদ্ধারা বৃহস্পতিবার সকালে প্রাচীন স্থান পালমিরার পূর্বে অবস্থিত শায়ের গ্যাসক্ষেত্রে হামলা চালিয়ে ২৩ জন রক্ষীকে হত্যা করেছে। এসওএইচআরের পরিচালক রামি আব্দেল রহমান বলেন, হামলার সময় গ্যাসক্ষেত্রটিতে কর্মরত ৩৪০ জন জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সদস্য, রক্ষী, প্রকৌশলী এবং কর্মচারী বন্দী অথবা আহত হওয়ায় তাদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি। তিনি আরো বলেন, ইসলামিক স্টেটের এই হামলাটি প্রেসিডেন্ট বাশার আল আসাদের ‘সরকারের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ’। হমস প্রদেশে ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত একজন কর্মী আবু বিলাল গ্যাসক্ষেত্রে এই হামলার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, সংঘর্ষে তাদের পক্ষের কমপক্ষে ১২ জন এবং সরকারের পক্ষের কয়েক ডজন নিহত হয়েছে। বার্তা সংস্থা এএফপিকে ইন্টারনেটের মাধ্যমে তিনি জানান, ‘এটা ছিল একটি আত্মঘাতী হামলা এবং গ্যাসক্ষেত্রটি দখল নেয়ার আগে আমরা আটটি তল্লাশি চৌকি দখল করি।’ হমসের গভর্নর তালাল বারাজিও এই হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সশস্ত্র ব্যক্তিরা গ্যাসক্ষেত্রটি দখল নিয়েছে এবং আমরা সেখানে থাকা তিনজন প্রকৌশলীর সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছি। তিনি আরো বলেন, এই সশস্ত্র ব্যক্তিরা আগে থেকেই সেখানে ছিল, কিন্তু এখন তারা তাদের নিয়ন্ত্রিত এলাকা বৃদ্ধি করেছে।