পাকিস্তানে হামলায় পুলিশসহ ৯ জন নিহত
প্রকাশ : ১৮ জুলাই ২০১৪, ২০:৫০
পাকিস্তানের লাহোরে বন্দুকযুদ্ধে দুই পুলিশ ও এক জঙ্গি নিহত এবং দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বোমা হামলায় ৬ জন মারা গেছে। উত্তর-পশ্চিমাঞ্চলের হানগু শহরে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণের ঐ ৬ জন নিহত হয়। পুলিশ জানায়, লাহোরে বন্দুকযুদ্ধের ঘটনাটি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পারিবারিক বাড়ি থেকে সামান্য দূরে সংঘটিত হয়। বৃহস্পতিবার অভিযান চালাতে গেলে ঐ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময়ে সন্দেহভাজন একজন নিহত ও আরেকজনকে আহত অবস্থায় আটক করা হয়েছে। ঐ সংঘর্ষে পুলিশের দুই সদস্যও নিহত হয়েছে। স্থানীয় পুলিশ প্রধান জুলফিকার হামিদ বলেন, পুলিশের একটি দল বৃহস্পতিবার সকালে সন্দেহভাজন জঙ্গিদের ধরতে রাইউইন্ড এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় জঙ্গিরা পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এর পরই দু’পক্ষে গোলাগুলি শুরু হয়। এ সময় এক জঙ্গি নিহত এবং অন্য একজনকে আহতাবস্থায় গ্রেফতার করা হয়। ঐ ভবন পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে। সংঘর্ষকালে পুলিশের দুই সদস্যও নিহত হয়। আহত হন আরো তিনজন।
জঙ্গিরা কোন গ্রুপের সদস্য তা তাত্ক্ষণিকভাবে জানায়নি পুলিশ। তবে পাকিস্তানে সমপ্রতি তালেবান জঙ্গিদের হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে দীর্ঘদিন ধরে জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান চলছে। গত বুধবার উত্তর ওয়াজিরিস্তানে বিমান হামলায় ৫০ জনের বেশি লোক নিহত হয়েছে।