চীনে বন্যা ও ভূমিধসে ২০ জনের প্রাণহানি

চীনে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২০ জনের প্রাণহানি ও কয়েক হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। বন্যার কবল থেকে বাঁচাতে লক্ষাধিক লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এই সময়ে অন্তত ৬ জন বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শুক্রবার রাত থেকে মধ্যাঞ্চলীয় জিয়াংজি প্রদেশে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ৬ জনের প্রাণহানি ঘটেছে। বার্তা সংস্থা আরো জানায়, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকা গুইঝোউয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আরো বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থাটি আরো জানায় , বৃহস্পতিবার ভোরে সৃষ্ট ভূমিধসে আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জনকে সকালে উদ্ধার করা হলেও আটজন এখনো নিখোঁজ রয়েছে। এক প্রতিবেদনে সিনহুয়া জানায়, বুধবার রাতে বৃষ্টিপাতের তীব্রতা সবচেয়ে বেশি ছিল। ওই রাতে প্রবল বৃষ্টিপাতে গুইঝোউয়ে ৫ হাজার ৮০০ বাড়ি ধ্বংস ও আরো ১৬ হাজার ৩০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।