সংবাদ কণিকা
প্রকাশ : ১৮ জুলাই ২০১৪, ২০:৫১
তরমুজে ছুরি চালিয়ে গ্রেফতার
স্ত্রীর সঙ্গে মনোমালিন্য চলার সময় তরমুজে ছুরি চালিয়ে মামলার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের কেনাটিকাট অঙ্গরাজ্যের এক ব্যক্তি। ঘরোয়া সহিংসতার দায়ে গত শনিবার কারমাইন সারভেলিনোকে (৪৯) পুলিশ গ্রেপ্তার করলেও ৫শ’ ডলারের মুচলেকা দিয়ে তিনি জামিনে মুক্তি পান। থমেস্টন পুলিশ বিভাগের প্রধান জেমস ক্যাম্পবিল গণমাধ্যমকে জানান, গ্রেফতারের পর সারভেলিনোর বিরুদ্ধে হুমকি ও অস্বাভাবিক আচরণের অভিযোগ আনা হয়। পুলিশ আরো জানায়, সারভেলিনোর সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ছাড়াছাড়ির পর্যায়ে রয়েছে। স্ত্রী তার বিরুদ্ধে থানায় মাদক সংক্রান্ত একটি অভিযোগও করে যান। —রয়টার্স
কম্পিউটারের মাধ্যমে ছোঁয়া যাবে ভালবাসার মানুষকে
দূরত্বের কারণে বিশ্বে বহু মানুষ তাদের ভালোবাসার মানুষকে বিভিন্ন উপায়ে দেখতে হয়তো পারেন বা কথাও বলতে পারেন। কিন্তু ছুঁয়ে দেখার কষ্ট লাঘব করার কোন উপায় ছিল না। এবার এলো এই সমস্যার সমাধান। যুক্তরাজ্যের দ্য ডেইলি মেইল পত্রিকা জানিয়েছে, বিজ্ঞানীরা এক ধরনের অ্যয়ারলেস ডিভাইস বানিয়েছেন, নাম দিয়েছেন ফ্রেবল। এই ফ্রেবল ব্যবহার করে স্কাইপের মাধ্যমে ভালোবাসার মানুষকে দেখা যাবে, তার কথা শোনা যাবে এবং তাকে ছোঁয়াও যাবে।—রয়টার্স
সাংবাদিকদের রক্ষায় প্যানিক বাটন
আক্রমণের মুখে পড়া সাংবাদিক কিংবা অ্যাক্টিভিস্টরা যাতে দ্রুত সাহায্য চাইতে পারেন, সেজন্য এক বিশেষ মোবাইল অ্যাপ তৈরি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সাংবাদিকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, তবে ঝুঁকিও আছে। বয়োজ্যেষ্ঠদের কাছে ‘প্যানিক বাটন’ নতুন নয়। সাধারণত জরুরি চিকিত্সা সহায়তার জন্য এই বোতাম টেপেন তারা। তবে সেটা তাদের স্মার্টফোনে নয় বরং হাতে বাঁধা কোন যন্ত্রে থাকে। এবার স্মার্টফোনে থাকা বিশেষ বোতাম টিপে সাহায্য চাইতে পারবেন তারা। অ্যামনেস্টি এজন্য তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইল্যাবসহ কয়েকটি প্রতিষ্ঠানের সহায়তা নিয়েছে। —ডয়েচে ভেলে