গাইবান্ধা শহরের ২ নং রেলগেট এভাবে আর কতদিন !
প্রকাশ : ১৮ জুলাই ২০১৪, ২১:০২
দীর্ঘদিন অতিবাহিত হলেও গাইবান্ধা জেলা শহরের ব্যস্ততম শহীদ রোস্তম আলী সড়কের ২নং রেলগেটটির কোন গেট নির্মাণ বা গেটম্যান নিয়োগ করেনি রেল কর্তৃপক্ষ। ফলে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় এই সড়কে যানবাহন ও পথচারীদের চলাচল করতে হচ্ছে। গুরুত্বপূর্ণ ওই রেলগেটটিকে এখনও লালমনিরহাট পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ এখনও অনুমোদন দেননি। কিন্তু এভাবে আর কতদিন। জেলাবাসীর এ প্রশ্নের কোন উত্তর মিলছে না যুগ যুগ ধরে। রেলওয়ের কর্তৃপক্ষের অনুমোদনহীন গেট হওয়ায় কর্তৃপক্ষ রেলগেটের উভয় পাশের সড়কে সতর্কতামূলক নোটিস লাগিয়ে দিয়ে তাদের দায়িত্ব শেষ করেছেন। এদিকে গাইবান্ধা পৌরসভার ব্যস্ততম সড়কের উপর অরক্ষিত ওই রেলগেটটির অবস্থান হওয়ায় পৌর কর্তৃপক্ষ রেল চলাচলের সময় একপাশে একটি বাঁশ ফেলে গেটটির সুরক্ষার খানিকটা উদ্যোগ নিয়েছিলেন।