বসুন্ধরা সিটিতে কথিত জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতির ভাগ্য পরিবর্তনের দোকানসহ ২০টি দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় নামিদামি সব ব্র্যান্ডের নামে নকল বিদেশি কসমেটিক্স বিক্রির অপরাধে বিবিবি কসমেটিক্স (বিডি বাজেট বিউটি) সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। গতকাল বুধবার দুপুরে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটিতে এ অভিযান চালানো হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, সহকারী পরিচালক মো. মাসুম আরিফিন ও আফরোজা রহমান অভিযান পরিচালনা করেন। তাদের সঙ্গে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ উপস্থিত ছিলেন।
উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ভাগ্য পরিবর্তনের নামে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এজন্য বসুন্ধরা সিটিতে লিটন দেওয়ান চিশতির ‘শেষ দর্শন আজমেরী জেমস হাউসকে জরিমানা করা হয়েছে। এছাড়া আরো একটি ভাগ্য পরিবর্তনের দোকানকে জরিমানা করা হয়েছে। এসব দোকান বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রলুব্ধ করে। স্বামী-স্ত্রীর মিল-অমিল, চাকরি ব্যবস্থায় উন্নতি, পরীক্ষায় ভাল ফলাফল, বিদেশ গমনসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।
মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘বিবিবি কসমেটিক্স অবৈধ পন্থায় আনা (লাগেজ পার্টির) বিভিন্ন বিদেশি প্রসাধনী সামগ্রী বিক্রি করছে। এসব প্রসাধনীর গায়ে আমদানিকারকের নাম লেখা নেই। তাই সেটি বন্ধ করা হয়েছে। এর আগেও এই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছিল।’