হোমনা ডিগ্রি কলেজে ছাত্রী হোস্টেল নেই
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ১৮ জুলাই ২০১৪, ২১:০৪
কুমিল্লার হোমনা ও তিতাস উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ হোমনা ডিগ্রি কলেজে ছাত্রী হোস্টেল না থাকায় এ এলাকার মেয়েদের উচ্চ শিক্ষা ব্যাহত হচ্ছে। গ্রামাঞ্চল হতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আবার বাড়ি ফিরে যাওয়া সম্ভব না হওয়ায় এসএসসি ও এইচএসসি পাসের পর মেয়েদের লেখাপড়ার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। ইচ্ছে ও মেধা থাকা সত্ত্বেও শুধুমাত্র নিরাপদে থাকার জায়গার অভাবে গ্রামাঞ্চলের মেয়েরা উচ্চ শিক্ষা আলোকবর্তিতা নিয়ে এগিয়ে যেতে পারছে না। শিক্ষার হারে পিছিয়ে থাকা এ অঞ্চলের কথা বিবেচনা করে ১৯৮৪ সালে তত্কালীন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন স্থানীয়দের সহযোগিতায় কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে কলেজে অধ্যয়নরত ছাত্রীরা একটি ছাত্রী হোস্টেলের দাবি জানিয়ে আসলেও কলেজ প্রতিষ্ঠার দুই যুগ পরও ছাত্রী হোস্টেল নির্মাণ করা হয়নি। কলেজে অধ্যয়নরত স্নাতক ২য় বর্ষের ছাত্রী সাদিয়া, সায়মা, আলেয়া, পলি রানী, ঝুমা সাহাসহ কয়েকজন শিক্ষার্থী জানান, তারা আড়াই হাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে এ কলেজে ভর্তি হয়েছেন। তাদের বাড়ি থেকে ৫/৬ কিলোমিটার েঁহটে কদমিরচর লঞ্চ ঘাটে এসে লঞ্চ যোগে দেড় ঘন্টায় হোমনা লঞ্চঘাটে এসে নামেন। সেখান থেকে ৩০ টাকা ভাড়ায় রিকশায় অথবা পায়ে হেঁটে কলেজে আসতে হয়। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. আমির হোসেন ভুঁইয়া জানান, গভর্নিং বডির পরবর্তী সভায় আলোচনা করে এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।