স্ত্রী ও কন্যাকে হত্যা করে আত্মসমর্পণ
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৮ জুলাই ২০১৪, ২১:৩৩
মাধবপুর উপজেলার উত্তর সুরমা গ্রামে গত বৃহস্পতিবার রাতে পরকীয়া প্রেমের কারণে স্ত্রী ও কন্যাকে কুপিয়ে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে সানু মিয়া (৫০) নামে এক দিনমজুর।
সানু মিয়া জানান, দীর্ঘদিন ধরে তার স্ত্রী জরিনার (৩৫) সাথে প্রতিবেশী তাউছ মিয়া পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সানু মিয়ার মেয়ের দিকে তাউছ মিয়া কুদৃষ্টি দেয়। অনেক চেষ্টা করে নিজের স্ত্রী এবং মেয়েকে ফেরাতে ব্যর্থ হয়। ঘটনার দিন বিকালে তাউছ ও জরিনার আপত্তিকর দৃশ্য দেখতে পায় সানু। পরে তাউছ পালিয়ে যায়। সন্ধ্যায় পুনরায় তাউছ সানু মিয়ার বাড়িতে আসলে এ নিয়ে স্ত্রী ও কন্যার সাথে আবারও ঝগড়া হয়। জরিনা সানুকে বাড়ি থেকে চলে যেতে বলে এবং মা-মেয়ে মিলে তাকে আঘাত করে। এতে সানু ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে স্ত্রী ও কন্যাকে হত্যা করে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়িতে আত্মসমর্পণ করে।
মাধবপুর থানার ওসি আব্দুল বাছেদ, ওসি তদন্ত আজমিরুজ্জামান, তেলিয়াপাড়া ফাঁড়ির আইসি সহিদুল্লাহ পিপিএম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। রাতেই অতিরিক্ত পুলিশ সুপার সহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) মুজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শ করেন। এ ঘটনায় জরিনার বোন বাদী হয়ে সানু মিয়াকে আসামি করে হত্যা মামলা করেছে।