ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ডিএমসি) এক্স-রে, এমআরআই এবং সিটি স্ক্যান করার জন্য অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয়ে একটি এনফোর্সমেন্ট টিম গতকাল বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সরেজমিন অভিযানকালে দেখে, এক্স-রে করানোর ক্ষেত্রে রশিদের অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এছাড়া এমআরআই এবং সিটি স্ক্যান করানোর ক্ষেত্রেও রশিদ ব্যতিরেকেই টাকা গ্রহণ করা হয়। হাসপাতালে কর্মরত আনসার সদস্যগণ এ অনিয়মের সঙ্গে জড়িত মর্মে দুদক টিমের প্রাথমিক অনুসন্ধানে উঠে আসে। এ পরিস্থিতিতে দুদক টিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করলে পরিচালক জানান, অভিযুক্ত আনসার সদস্যদের অবিলম্বে বদলি করা হবে। এছাড়া সে সকল সেবার মূল্য তালিকা নেই, সেগুলোও অবিলম্বে টানানো হবে।
অপরদিকে কক্সবাজার শহরের কস্তুরাঘাট এলাকায় বাঁকখালী নদীর দখল করার অভিযোগে দুদকের চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রতন কুমার দাসের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়। একজন প্রভাবশালী উক্ত এলাকার দখলদারদের নেতৃত্ব দিচ্ছেন দুদক টিম ঘটনাস্থলে গিয়ে এ অভিযোগের সত্যতা পায়। এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেনকে অবহিত করে দুদক টিম।
এদিকে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষকদের বদলি, পেনশন, জিপিএফ লোন ইত্যাদি নানাবিধ সেবাপ্রাপ্তিতে ঘুষ-লেনদেন ও অনিয়মের অভিযোগে গতকাল অভিযান চালায় দুদকের অপর একটি টিম। অপরদিকে নানাবিধ অনিয়মের অভিযোগে গতকাল সাতক্ষীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করে দুদক।