কোলেস্টেরল কমানোর ওষুধ সম্পর্কে সতর্কবাণী
প্রকাশ : ১৮ জুলাই ২০১৪, ২১:৪১
রক্তের কোলেস্টেরল বা চর্বির আধিক্য আছে অনেকের। আর যাদের কোলেস্টেরল স্বাভাবিকের চেয়ে বেশি তাদের অনেকে রক্তের কোলেস্টেরল কমানোর জন্য নানা ধরনের ওষুধ সেবন করে থাকেন। বিশেষজ্ঞগণ কোলেস্টেরল কমানোর ওষুধের যেসব পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলেছেন তার মধ্যে রয়েছে, ব্লিডিং, পাকস্থলীর আলসার, হার্টবার্ন এবং ডায়াবেটিস ইত্যাদি। এছাড়া যারা কোলেস্টেরল কমানোর ওষুধ সেবনের পাশাপাশি নিয়াসিন সেবন করেন তাদের ইনফেকশনজনিত পার্শ্বপ্রতিক্রিয়া স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ শতাংশ বেশি হয়। এ ব্যাপারে কানাডার কালগ্রে লিবিন কার্ডিওভাসকুলার ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ড: টড এন্ডারসন উল্লেখ করেছেন, বর্তমান গবেষণায় কোলেস্টেরল কমানোর ওষুধের যে সব পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া গেছে তা পূর্ববর্তী গবেষণার সাদৃশ্য। এদিকে শিকাগোর নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ফেনবার্গ স্কুল অব মেডিসিনের বিশেষজ্ঞ ড: ডোনাল্ড লয়েড জোনস উল্লেখ করেছেন, যারা কোলেস্টেরল মেডিসিনের পাশাপাশি নিয়াসিন সেবন করছেন তাদের ক্ষেত্রে বিষক্রিয়া বা পার্শ্বপ্রতিক্রিয়ার মাত্রা এতটাই বেশি যে তা কোনভাবেই প্রত্যাশিত নয়। আর যারা কোলেস্টেরল কমানোর ওষুধ স্ট্যাটিন সেবন করছেন তাদের একই সঙ্গে নিয়াসিন সেবন করা উচিত নয় বলে মন্তব্য করেছেন ড: জোনস।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ