নৈতিক স্খলনে জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে :আইজিপি
প্রকাশ : ১৮ জুলাই ২০১৪, ২১:৪২
পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার বলেছেন, কিছু সদস্যের স্খলনের কারণে বিব্রত হতে হচ্ছে পুলিশকে। তবে সে সব পুলিশ সদস্যকে সাধারণ অপরাধীর মতোই বিবেচনা করে ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে আইজিপি রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান, ক্বেরাত ও রচনা প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে আজানে ২৪ জন প্রতিযোগীর মধ্যে র্যাব সদর দফতরের পেটি অফিসার নূর মোহাম্মদ ১ম স্থান, পুলিশ হেডকোয়ার্টার্সের এএসআই (নিরস্ত্র) রফিকুল ইসলাম ২য় স্থান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল ওমর ফারুক ৩য় স্থান অর্জন করেন। ক্বিরায়াতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল ফরিদুল ইসলাম প্রথম, র্যাব সদর দফতরের পেটি অফিসার নূর মোহাম্মদ দ্বিতীয় এবং বাগেরহাট জেলা পুলিশের নায়েক মিজানুর রহমান তৃতীয় হয়েছেন। ‘কর্মজীবনে ইসলামী মূল্যবোধের প্রভাব’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় স্পেশাল ব্রাঞ্চের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শেখ রেজাউল কবির প্রথম স্থান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রটেকশন এন্ড প্রটোকল বিভাগের এএসআই (এবি) কবিরুল ইসলাম দ্বিতীয় স্থান এবং ৫ম এপিবিএন’র কনস্টেবল মুরাদুর রহমান তৃতীয় স্থান পেয়েছেন।