চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে ঈদ বাজার
প্রকাশ : ১৮ জুলাই ২০১৪, ২১:৪৩
চাঁপাইনবাবগঞ্জে এবার রমজানের শুরু থেকেই জমে উঠেছে ঈদের বেচাকেনা। জেলা শহরের নিউমার্কেট, ক্লাব সুপার মার্কেট ও পুরাতন বাজারের দোকানগুলোতে দিন দিন ক্রেতাদের ভিড় বাড়ছে। এছাড়াও ফুটপাতের দোকানগুলোতেও ক্রেতাদের সমাগম দেখা যাচ্ছে। এবারও টাঙ্গাইল শাড়ি ও দেশীয় পোশাকের পশাপাশি ভারতীয় শাড়ি ও হরেক রকমের পোশাকের সমাহার বেশি। এ ছাড়া রেশম সিল্ক, জামদানি, জর্জেট, কাতান, লেহাঙ্গা, শিবগঞ্জ সিল্ক, রাজশাহী সিল্ক, পিংগন ও বনলতা উল্লেখযোগ্য। মেয়েদের পোশাকে জায়গা করে নিয়েছে পাখি জিপসী। ১ হাজার ৫শ’ টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে দোকানীরা জানান।
মোশারফ শাড়ি ঘরের বিক্রেতা জানান, রমজান মাসের শুরু থেকে বাজার জমে উঠছে। মেয়েদের পোশাকের দোকানে প্রচুর ভিড়। ক্লাব সুপার মার্কেটের ইসলাম অ্যান্ড ব্রাদার্সের মালিক আব্দুল খালেক জানান, বেচাকেনা জমে উঠেছে। আমেনা বস্ত্রালয়ের রফিকুল ইসলাম বুলবুল জানান, তাদের দোকানে পাখি থ্রিপিস বিক্রি হচ্ছে ২ হাজার টাকা থেকে শুরু করে ১২ হাজার টাকায়। শাড়ির মধ্যে তসু সাড়ে ৫ হাজার টাকা, মুন্নিবাতনাম হেই সাড়ে ৮ হাজার টাকা এবং কাজল সাড়ে ১২ হাজার টাকা। ক্রেতা সায়েরা বেগম জানান, এবার বাজারে বাহারী পোশাক যেমন এসেছে তেমনি দামও বেশি। বাজারের সাথে তাল মিলিয়ে একটি পোশাক কিনতে হিমসিম খেতে হচ্ছে। এদিকে, শিবগঞ্জ সদর, রাণীহাটি, ছত্রাজিতপুর, মনাকষা, কানসাট, গোমস্তাপুর, রহনপুর, নাচোল উপজেলা সদর, মল্লিকপুর, ভোলাহাট উপজেলা সদরসহ গ্রামীণ বাজারগুলোতেও ঈদের বাজার জমে উঠেছে।