৪৩ বছর পর বন্দিত্ব থেকে মুক্তি পেল এক ভণ্ডের পরিবার

বাগেরহাটের খানকা শরীফের খাদেম শেখ নুর মোহাম্মদ পর্দার দোহাই দিয়ে ৪৩ বছর ঘরে তালা বন্দি করে রাখে দুই স্ত্রী ও সন্তানদের। বন্দিদশা থেকে দুই স্ত্রী ও চার সন্তানকে বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় নুর মোহাম্মদ। তার ছেলে বাকি বিল্ল¬াহের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তালা ভেঙ্গে উদ্ধার করে প্রথম স্ত্রী কুলসুম বেগম (৫৮), দ্বিতীয় স্ত্রী পারভীন আক্তার (৩৫), প্রথম স্ত্রীর মেয়ে ফাতেমা আক্তার (৩৫), ছোট স্ত্রীর দুই মেয়ে ও এক ছেলে সালমা আক্তার (১১), নুর জাহান (৬) ও মাহাবুববিল্লাহ (৩)। বিয়ের পর থেকে ২ স্ত্রী ও জম্মের পর থেকে সূর্যের আলোর মুখ দেখতে না পাওয়া সন্তানরা উদ্ধারের পর কান্নায় ভেঙ্গে পড়ে। পুলিশের সামনে নুর মোহাম্মদের প্রথম স্ত্রী কুলসুম বেগম জানান, পর্দার নামে বিয়ের পর থেকে ৪৩ বছর ধরে তিনি তালাবদ্ধ ঘরে বন্দী থেকেছেন। দশ বছর আগে তার পিতা বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার রাজৈর গ্রামের মুন্সী আব্দুল হামিদ মারা গেলে তার স্বামী তাকে দেখতে যেতে দেননি। উদ্ধারকৃতদের আদালতে পাঠানো হলে আদালত তাদের সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত বাগেরহাট নিরাপদ আবাসন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।