ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ

ফিলিস্তিনি গাজায় ইসরাইলের নির্মম হামলায় নারী, শিশুসহ গণহত্যার বিরুদ্ধে বিভিন্ন জেলা ও উপজেলায় মিছিল, সমাবেশ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের মুসলমান। সমাবেশে অবিলম্বে এ নৃসংশ হত্যা বন্ধের দাবি জানানো হয়। সিলেট সিলেটের চার জেলায় জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে তৌহিদা জনতা বিক্ষোভ মিছিল বের করেন। মসজিদে জুমার বয়ানেও খতিবরা ফিলিস্তিনের মুসলমানদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা বন্ধ করতে আহ্বান জানান। সিলেট নগরীতে জুমার নামাজের পর কুদরত উল্লাহ জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হাওয়াপাড়া জামে মসজিদ, আবু তুরাব জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের হয়। রাজশাহী বাদ জুম্মা সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী মহানগরীতে সমাবেশ করেছে। নগরীর সাহেব বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে পরিষদ নেতা মাওলানা এএইচএম শহীদুল ইসলাম, মাওলানা রুহুল আমিন, মাওলানা ড. গোলাম মোর্শেদ, মাওলানা মোস্তফা আল মারুফ, মাওলানা আইয়ুব আলী শেখ, হাফেজ মাওলানা মোবারক করিম প্রমুখ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ বাংলাদেশে মুসলিম সমাজকে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন ইসলামী সংগঠন প্রতিবাদ মিছিল বের করে। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল বের করে ইসলামী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সদর মডেল থানার সামনে থেকে মিছিল বের করে ওলামা মাশায়েক পরিষদ। মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি সামছুল আলম বাদলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আতিকুর রহমান নাননু মুন্সি, সেক্রেটারি মুফতী মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিন্টু, সহ-সভাপতি মো. ইসহাক, মাওলানা হাসান ইমাম মুন্সি, প্রচার সম্পাদক নাসিম রেজা প্রমুখ। নওগাঁ গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে নওগাঁয় তৌহিদী জনতা। বাদ জুমার নামাজের পর শহরের টাউন জামে মসজিদ থেকে জেলা ইমাম ও মসজিদ কমিটির উদ্যোগে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ নওযোয়ান মাঠে গিয়ে শেষ হয়। সমাবেশে সাবেক এমপি হূমায়ন চৌধুরী, হাফেজ মো. হেলাল হাসেমী, বিশিষ্ট সমাজ সেবক ও তৌহিদী জনতার সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান স.ম সায়েম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ-সভাপতি নূর মুমিনুল হক প্রমূখ বক্তব্য রাখেন। সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে দলমত নির্বিশেষে মুসল্ল¬ীরা অংশ নেন। মিছিলে ইসরাইল বিরোধী নানা স্লোগান দেয়াসহ অবিলম্বে মানব হত্যা বন্ধের দাবি জানানো হয়। মাগুরায় গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার মাগুরায় মানববন্ধন ও ইসরাইলী প্রধান মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। শহরের চৌরঙ্গী মোড়ে একজোটিক এভেনটারস নামে একটি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করা হয়। সংগঠনের সদস্যরা ব্যানার নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে । তারা ইসরাইলী বিরোধী নানা শ্লোগান দেয় এবং অবিলম্বে হামলা বন্ধের দাবি জানায়। দোহার-নবাবগঞ্জ (ঢাকা) এ উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মানববন্ধন করেছে জলকণা সাহিত্য পরিষদ। শুক্রবার দুপুরে উপজেলার ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান সড়কের দুই প্রান্তে প্রায় ২ শতাধিক জনতা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। কালকিনি (মাদারীপুর) মাদারীপুরের কালকিনিতে তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে ও কালকিনি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা গোলাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. তৌফিকুজ্জামান শাহীন, আওয়ামীলীগ নেতা সরদার মো. লোকমান হোসেন প্রমুখ।