বৃদ্ধকে অপহরণ করে স্ট্যাম্পে টিপসই নেয়ার ঘটনায় মামলা

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মধ্য গয়েশপুর গ্রামে সন্তোষ শীল নামে এক ব্যক্তিকে অপহরণ করে সাদা স্ট্যাম্পে টিপসই আদায় করার ঘটনায় জড়িত পাঁচ ব্যক্তির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নিতে আদালত থানার ওসিকে নির্দেশ দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক। গত বৃহস্পতিবার ওই বৃদ্ধ আদালতে পাঁচজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করলে বিচারক ফারজানা ইয়াসমীন এ নির্দেশ দেন। আসামিরা হলেন, নান্দাইল উপজেলার গাংগাইল ইউপি সদস্য মো. ফয়জুর রহমান ফরিদ, মো. সাইদুর রহমান, আঞ্জু মিয়া, বিপুল প্রসন্ন রায়, নান্দাইল নিবন্ধন অফিসের দলিল লেখক এনামুল হক। নান্দাইল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম ফরাজী বলেন, তিনি আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। গত ৭ জুলাই সন্তোষ শীলকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। পরে উপজেলা সদরের একটি বাসায় আটকে রেখে ব্যাপক মারধর ও ইঞ্জেকশন প্রয়োগ করে তার কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে অসুস্থ অবস্থায় বাড়িতে ফেলে যায় চক্রের সদস্যরা।