গল টেস্ট
ডুমিনির পর স্টেইন
প্রকাশ : ১৮ জুলাই ২০১৪, ২১:৪৫
আগের দিন আলোটা কেড়ে নিয়েছিলেন আট নম্বরে নেমে সেঞ্চুরি করা জাঁ পল ডুমিনি। কিন্তু গতকাল গল টেস্টে তৃতীয় দিনটা আর ব্যাটসম্যানদের রইলো না। দক্ষিণ আফ্রিকারই ইনফর্ম ফাস্ট বোলার ডেল স্টেইন ৫০ রানে ৫ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। ক্যারিয়ারে ২৩তম বারের মতো ইনিংসে ৫ উইকেট নিলেন স্টেইন।
ওপেনার উপল থারাঙ্গার ৮৩ ও অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথুসের ৮৯ রানের পরও গতকাল তৃতীয় দিনের শেষে ২৮৩ রান তুলতে ৯ উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কানরা। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৪৫৫ রানের থেকে এখনও ১৭২ রানে পিছিয়ে তারা; হাতে একটি মাত্র উইকেট।
দারুণ শুরুর পরও প্রথম ইনিংসে বিপদে পড়েছিল আফ্রিকানরা। কিন্তু আট নম্বরে নেমে ডুমিনি ঠিক ১০০ রানের ইনিংস খেলে টেনে তুলে তাদের ইনিংসে নিয়ে যান ৯ উইকেটে ৪৫৫ রানে। সেখানেই ইনিংস ঘোষণা করে দেন হাশিম আমলা। জবাবে আগের দিনই বিনা উইকেটে ৩০ রান তুলে নিয়েছিল।
গতকাল প্রাথমিক ভালো ব্যাটিংয়ের পর শ্রীলঙ্কা যে বিপর্যয়ে পড়ে, সেখান থেকে তাদের টেনে তুলতে আর কেউ ডুমিনি হয়ে উঠতে পারেননি।
সকাল বেলায় স্কোর বোর্ডে আর মাত্র ৯টি রান যোগ হতেই, দলীয় ৩৯ রানে ফিরে যান ৮ রান করা ওপেনার কুশল সিলভা; প্রথম আঘাত হানেন স্টেইন। এরপর ২৪ রান করে সাঙ্গাকারা একটু চেষ্টা করেছিলেন থারাঙ্গাকে সঙ্গ দিতে। কিন্তু সাঙ্গাকারা আউট হওয়ার পরপরই স্টেইনের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন আরেক লঙ্কান গ্রেট জয়াবর্ধনে। এখান থেকেই শুরু হয় স্টেইনের তাণ্ডব।
লাঞ্চের আগে আগে বৃষ্টি এসে স্টেইন-গানের দাপট যেন আরও বাড়িয়ে দিলো।
এরপর থিরিমান্নে, চান্দিমাল ও পেরেরার উইকেট তুলে নিয়ে ৫ উইকেট শিকার সম্পন্ন করেন। এদিকে ১৫৫ বলে ১৪টি চার ও ১টি ছয়ে সাজানো ৮৩ রান করা থারাঙ্গাকে ফেরান ডুমিনি। ফলে ২০১ রান তুলতে ৭ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা।
এই সময়টায় শ্রীলঙ্কার ইনিংস চলছিল অ্যাঞ্জোলো ম্যাথুসের একক লড়াইয়ের ওপর ভর করে। সঙ্গীদের যাওয়া-আসার মধ্যেই ফিফটি পার করে সেঞ্চুরির দিকে চলছিলেন তিনি। কিন্তু দিনের খেলা আর মাত্র ৫ ওভার বাকী থাকতে ইমরান তাহিরের একমাত্র শিকার হয়ে ফিরে যান ম্যাথুস। ১৮২ বলে ১৪টি চার ও ১টি ছয়ে ৮৯ রানের ইনিংস খেলে ফেরেন এই লঙ্কান অধিনায়ক। ম্যাথুস ফেরার পর শ্রীলঙ্কার ইনিংসে বাকী ছিল কেবল আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে এখনও অপরাজিত আছেন রঙ্গনা হেরাথ ও উইকেটে আসার অপেক্ষায় লাকমল।
দক্ষিণ আফ্রিকার হয়ে স্টেইনের ৫ উইকেটের পাশাপাশি মরনে মরকেল দুটি এবং ইমরান তাহির ও ডুমিনি একটি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ১৬৬.২ ওভারে ৪৫৫/৯ ডিক্লে.
শ্রীলঙ্কা: ১০০ ওভারে ২৮৩/৯ (কুশল ৮, থারাঙ্গা ৮৩, সাঙ্গাকারা ২৪, জয়াবর্ধনে ৩, থিরিমান্নে ৩৮, ম্যাথুস ৮৯, চান্দিমাল ৬, পেরেরা ০, হেরাথ ব্যাটিং ১২, লাকমল ৬; স্টেইন ৫/৫০, মরকেল ২/৪৫)।