শুরুটা ভাল হয়নি ইংল্যান্ডেরও
প্রকাশ : ১৮ জুলাই ২০১৪, ২১:৪৫
লর্ডস টেস্টে অতিথি দল ভাল ভারতের মতোই আশানুরূপভাবে ইনিংস শুরু পায়নি স্বাগতিক ইংল্যান্ড। গতকাল শুক্রবার টেস্টের দ্বিতীয় দিন চা পানের বিরতির সময় প্রথম ইনিংসে ইংলিশদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১২৫ রান। প্রতিপক্ষকে টপকাতে তাদের প্রয়োজন ছিল আরও ১৭০ রান। হাতে অবশিষ্ট ছিল ৬ উইকেট। শুরুতেই ইংল্যান্ডের ইনিংসে ধস নামান ভারতের পেসার ভুবনেশ্বর কুমার। অলিস্টার কুক, রবসন ও ইয়ান বেলকে উইকেট ছাড়া করেন তিনি।
এর আগে আগের দিন করা ৯ উইকেটে ২৯০ রান নিয়ে গতকাল টেস্টের দ্বিতীয়দিন প্রথম ইনিংসে আবারও ব্যাটিংয়ে নামে ভারত। দলীয় স্কোরবোর্ডে আর পাঁচ রান জমা পড়তেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ভারতের ইনিংসে সবচেয়ে বেশি অবদান ছিল ১০৩ রান করা অজিনকা রাহানের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেছেন ভুবনেশ্বর কুমার। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ২৩ ওভার বল করে ৬০ রান দিয়ে চারটি উইকেট নেন পেসার জেমস অ্যান্ডারসন। দুটি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড এবং বেন স্টোকস।