‘রাজত্ব করার ক্ষমতা আমাদের আছে’

প্রতিবারই সেমিফাইনাল খেলবে এবং কিন্তু শিরোপা জিততে পারবে না। ১৯৯০ সালে বিশ্বকাপ জেতার পর থেকে এবারের বিশ্বকাপ জেতার আগ পর্যন্ত জার্মানির অবস্থাটা ছিল প্রায় এমনই। বিশ্বকাপের গত চারটি আসরেরই সেমিফাইনাল খেলেছে তারা। প্রায় একই অবস্থা ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই ইউরোতেও। সেই ধারাবাহিকতা ভেঙ্গে এবার জার্মানিকে তাদের বহু আরাধ্য চতুর্থ বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছেন ফিলিপ লাম। ঘুচিয়েছেন তাদের চব্বিশ বছরের বিশ্বকাপ খরা। তবে বিশ্বকাপ জয়ের আনন্দ পুরোপুরি উপভোগ করার আগেই আসলো লামের অবসরের ঘোষণাটি। যেটা চমকের পাশাপাশি খানিকটা আঘাত হয়েও এসেছে জার্মান ভক্তদের মনে। তবে অবসরের আগে বিখ্যাত জার্মান দৈনিক বিল্ডকে দেয়া এক সাক্ষাত্কারে লাম জানিয়েছেন, ভাগ্য সহায় থাকলে নিকট ভবিষ্যতে ফুটবল বিশ্ব শাসন করার ক্ষমতা ভালভাবেই আছে জার্মানির বর্তমান দলটির। জোয়াচিম লো’র শিষ্যরা ঝড় তুলে এই গ্রীষ্মের বিশ্বকাপ ফাইনালে উঠে এবং ম্যাচের অতিরিক্ত সময়ে মারিও গোটশের দেয়া গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দীর্ঘ ১৮ বছর পর বড় কোন শিরোপা জয় করে। সাম্প্রতিক সময়ে জার্মান দলের ধারাবাহিকতা সত্ত্বেও ৩০ বছর বয়সী লামের বিশ্বাস ভাগ্য একটা বড় ব্যাপার। গত চারটি বড় টুর্নামেন্টেই সেমিফাইনাল অথবা ফাইনালের অভিজ্ঞতা সম্পন্ন লাম বলেন , ‘গত আট বছর যাবত্ জার্মান জাতীয় দলটা দারুণ করে আসছে। সব সময়ই আমরা শিরোপার ফেভারিট ছিলাম এবং সব সময়ই আমরা অন্তত শেষ চারে পৌঁছেছি।’ ‘অন্য কোন দেশ এটা করতে পারেনি। ভবিষ্যতেও এর পরিবর্তন হওয়ার কোন কারণ আমি দেখছি না। আগামী বড় টুর্নামেন্টের জন্যও এটাই যথেষ্ট। অবশ্য ভাগ্য দেবতার ওপর কিছুটা আপনাকে নির্ভর করতেই হবে। পরাজয়ের অভিজ্ঞতা থাকলেও এটা আপনাকে সাহায্য করতে পারে। কিন্তু সর্বোপরি এটা এমন একটা বিষয় যা বিশ্বকাপের মত বড় টুর্নামেন্টে আপনার সম্ভাবনাকে আরো ধারালো করতে পারে।’ ভাগ্য খুব বেশি বিরূপ আচরণ না করলে মারিও গোটশে-মেসুত ওজিলদের যে এই সাফল্য ধরে রাখার ক্ষমতা ভালভাবেই আছে সেনিয়ে সন্দেহ নেই লামের। ২০১৩ সালে বায়ার্নের ট্রেবল জয়ী দলের নেতৃত্ব দেয়া লাম বলেন, ‘আপনার দরকার মাঠে খেলা এবং সর্ব প্রকার অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়, যা আমাদের দলে রয়েছে।’ এদিকে পরবর্তী ইউরোতে জার্মানির মূল প্রতিপক্ষ হিসাবে স্পেনকে বেছে নিয়েছেন লাম। ব্রাজিল বিশ্বকাপে শিরোপাধারী হিসাবে শুরু করা স্পেন বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। তবে অচিরেই তারা তাদের পুরনো রূপে দেখা দেয়ার ক্ষমতা রাখে জানিয়ে লাম বলেন, ‘দল হিসেবে আমরা স্পেনকে মোকাবিলার সময় অবশ্যই তাদের সমীহ করবো। ২০১৬ ইউরোতে অবশ্যই তারা শিরোপার অন্যতম ফেভারিট হিসেবে টুর্নামেন্টে ফিরবে।’ ফ্রান্সে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে একই গ্রুপে আয়ারল্যান্ড, পোল্যান্ড, স্কটল্যান্ড, জর্জিয়া এবং অভিষেক হওয়া জিব্রালটারকে মোকাবিলা করবে জার্মানি।—বাসস