নারায়ণগঞ্জে জাহাজের ধাক্কায় ট্রলারডুবি আহত ১০

নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট এলাকাতে শীতলক্ষ্যা নদী পারাপারের সময়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। তবে এতে কারও মৃত্যু বা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেনি। পুলিশ এ ঘটনায় ওই জাহাজটি আটক করেছে। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাটের বন্দর অংশে এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, সেন্ট্রাল খেয়াঘাট দিয়ে ২৫-৩০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার বন্দর ঘাটে যাওয়ার সময়ে এমভি সিটি-২০৪ নামের একটি জাহাজ ওই ট্রলারটিকে ধাক্কা দিলে মুহূর্তেই সেটি ডুবে যায়। এতে ট্রলারের সকল যাত্রী নদীতে পড়ে গেলে আশপাশের অন্য নৌকায় করে এসে লোকজন যাত্রীদের উদ্ধার করেন।