জালিয়াতি রোধে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় ব্যর্থ :সুরঞ্জিত

ইত্তেফাক রিপোর্ট আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সজাগ থাকলে বেসিক ব্যাংকসহ ব্যাংকিং খাতে অর্থ জালিয়াতির ঘটনা ঘটতো না। শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বেসিক ব্যাংকের অর্থ কেলেঙ্কারির জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা এবং তাদের ব্যাংক হিসাব জব্দ করতে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান সুরঞ্জিত সেনগুপ্ত। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কাছে অর্থ কেলেঙ্কারির আগে পদক্ষেপ না নিয়ে, পরে পদক্ষেপ নেয়ার কারণ জানতে চান তিনি। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, হলমার্ক, ডেসটিনি এমনকি সোনালী ব্যাংকের পর আবার বেসিক ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের এই ব্যর্থতা একেবারেই অমার্জনীয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যাংকগুলোতে মনিটরিং আরো বাড়াতে হবে। স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম আলোচনা সভায় সভাপতিত্ব করেন।