‘টিআইবির প্রতিবেদনই প্রমাণ করেছে, বর্তমান সংসদ বেশি কার্যকর’

ইত্তেফাক রিপোর্ট বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সামপ্রতিক প্রকাশিত ‘পার্লামেন্টওয়াচ’ প্রতিবেদনই প্রমাণ করেছে-আগের তুলনায় বর্তমান সংসদ বেশি কার্যকর। কারণ টিআইবি’র প্রতিবেদনে বলা হয়েছে, নবম সংসদের প্রথম অধিবেশনে বিরোধীদলীয় নেতা (বেগম খালেদা জিয়া) ৭.৬৯ শতাংশ কার্যদিবসে উপস্থিত ছিলেন, আর বর্তমান বিরোধীদলীয় নেতা (বেগম রওশন এরশাদ) ৩৮.৮৮ শতাংশ কার্যদিবসে উপস্থিত ছিলেন। টিআইবি’র পার্লামেন্টওয়াচ প্রতিবেদনের বিষয়ে দেয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন। তাজুল ইসলাম চৌধুরী বলেন, টিআইবি মনগড়া প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে সময়-কাল ও বাস্তবতাকে বিবেচনায় নেয়া হয়নি, বরং সেটিকে পাশ কাটানো হয়েছে। তিনি বলেন, বিগত নির্বাচন প্রতিহতের নামে প্রাক্তন বিরোধীদল যেভাবে সারাদেশে ধ্বংসযজ্ঞ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে সেগুলো নিয়ে সংসদে আলোচনা হবে, এটিই স্বাভাবিক।