টঙ্গীতে গার্মেন্টসে বিক্ষোভ ভাংচুর অগ্নিসংযোগ
টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৮ জুলাই ২০১৪, ২২:৩৮
টঙ্গীর পাগাড় এলাকায় যাবের এন্ড যোবায়ের নামের একটি তৈরি পোশাক কারখানায় বর্ধিত বোনাসের দাবিতে গতকাল শুক্রবার সকালে কর্মবিরতি, বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ব্যাপক ভাংচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। গতকাল কারখানা ছুটি ঘোষণা ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় সাংবাদিক, পুলিশ, শ্রমিক ও পথচারী মিলে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।
শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গতকাল সকাল ৯টার দিকে টঙ্গীর পাগাড় এলাকায় অবস্থিত কারখানাটিতে শ্রমিকরা ঈদ উপলক্ষে বর্ধিত বোনাসের দাবিতে কর্মবিরতি শুরু করে। এসময় কারখানার শ্রমিকদের মাঝে বর্ধিত ঈদ বোনাস দেয়া হবে না—এমন সংবাদ ছড়িয়ে পড়লে তারা উত্তেজিত হয়ে কারখানার ভিতরে ব্যাপক ভাংচুর শুরু করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার কেমিক্যাল গুদামে আগুন ধরিয়ে দেয়। টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শিল্প পুলিশ সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু মারমুখী শ্রমিকরা কারখানার ভিতরে ও বাইরে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাংচুর করতে থাকে। তাদের ছত্রভঙ্গ করতে শতাধিক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ও বেধড়ক লাঠিচার্জ করে শিল্প পুলিশ। শ্রমিক-পুলিশ সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়েছে। গতকালের জন্য কারখানা ছুটি ঘোষণা করে কারখানার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিল্প পুলিশের এসপি আবুল খায়ের ও জেলা পুলিশের অ্যাডিশনাল এএসপি সঞ্জিব কুমার রায় কারখানা পরিদর্শন করেন।
কারখানার জিএম খোরশেদ আলম জানান, কারখানায় এক বছরের ঊর্ধ্বে কর্মরত শ্রমিকদের বোনাস কোনভাবেই কম দেয়ার সিদ্ধান্ত কর্তৃপক্ষের নেই। বরাবরের মত তারা সম্পূর্ণ বোনাস পাবে। নিছক গুজবে কান দিয়েই শ্রমিকরা এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। তবে মালিকপক্ষ ও শ্রমিকদের মাঝে সমঝোতা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকরা পূর্ণ বোনাস পাবে এবং শনিবার থেকে কারখানায় কাজে যোগ দেবে।