রবিবার থেকে মিলবে রেলের অগ্রিম টিকিট
প্রকাশ : ১৮ জুলাই ২০১৪, ২২:৩৯
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আগামীকাল রবিবার অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে। এদিন ২৪ জুলাই তারিখে যাত্রার টিকিট বিক্রি হবে।
বাংলাদেশ রেলওয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৫ দিন অগ্রিম টিকিট বিক্রির কর্মসূচি গ্রহণ করেছে। রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর ও দিনাজপুরসহ গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন থেকে অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। ২৪ জুলাই যাত্রার টিকিট ২০ জুলাই, ২৫ জুলাই যাত্রার টিকিট ২১ জুলাই, ২৬ জুলাই যাত্রার টিকেট ২২ জুলাই, ২৭ জুলাই যাত্রার টিকিট ২৩ জুলাই এবং ২৮ জুলাই যাত্রার টিকিট ২৪ জুলাই বিক্রি করা হবে। রেলওয়ের মহাপরিচালক মো. তোফাজ্জল হোসেন ইত্তেফাককে জানান, অগ্রিম টিকিট বিক্রি ছাড়াও রেলওয়ে পবিত্র ঈদ-উল-ফিতরে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পাঁচ জোড়া বিশেষ ট্রেন বিভিন্ন গন্তব্যে চালু করবে। তিনি জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজার, ঢাকা থেকে পার্বতীপুর, ঢাকা থেকে খুলনা এক জোড়া করে এবং চট্টগ্রাম থেকে চাঁদপুর রুটে দুই জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। বিশেষ ট্রেনগুলো ঈদের তিনদিন আগে থেকে চলাচল করবে এবং ঈদের একদিন পর থেকে পাঁচ থেকে সাতদিন পর্যন্ত চলাচল করবে। মহাপরিচালক জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পাহাড়তলী ও সৈয়দপুর রেলওয়ে কারখানায় ব্রডগেজ ও মিটারগেজ কোচ মেরামত ও সংস্কার করা হচ্ছে। মোট ১৬৬টি কোচ মেরামত ও সংস্কার করে বিভিন্ন ট্রেনে সংযোজন করা হবে।