যশোরে আসামির বাড়ি ঘেরাও করায় পুলিশের গুলি!

যশোর শহরের পুরাতন কসবা টালিখোলা এলাকায় একটি হত্যা মামলার আসামির বাড়ি ঘেরাও করায় এলাকাবাসীকে বেধড়ক পিটিয়েছে পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে গুলিও চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ নারী-পুরুষ আহত হয়েছে। পরে ঘটনাস্থল থেকে নারীসহ ৭ জনকে আটক করা হয়। আটকের পর শুক্রবার বিকেলে তাদেরকে অস্ত্র ও বিস্ফোরক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। আটকরা হলেন শহরের টালিখোলা এলাকার সমীর কুমারের স্ত্রী কণিকা রাণী, মিজানুর রহমানের স্ত্রী ঝর্ণা খাতুন, আজিবর রহমানের স্ত্রী জোহরা খাতুন, নজরুল ইসলামের স্ত্রী কোহিনুর খাতুন, আব্দুর রহমানের স্ত্রী মানোয়ারা খাতুন, রফিকুল ইসলামের ছেলে নূর ইসলাম ও আব্দুল কাদেরের ছেলে মাহবুব আলম। এলাকাবাসী জানান, সরোয়ার আলম টুলু হত্যা মামলাসহ ৪ মামলার আসামি মিঠু বৃহস্পতিবার জামিন পান। সন্ধ্যায় পুলিশ পাহারায় তাকে বাড়িতে পৌঁছে দেয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী রাত ১২ টার দিকে মিঠুর বাড়ি ঘেরাও করে। এসময় মিঠুর লোকজন এলাকাবাসীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সন্ত্রাসীদের পক্ষ নিয়ে এলাকাবাসীর ওপর লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। এতে উজ্জ্বল নামের একজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হন। এসময় এলাকার অন্তত ১০জন নারী-পুরুষকে আটক করে পুলিশ। এদের মধ্যে থেকে ৭জনকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ এলাকাবাসীর নামে দুটি মামলাও করেছে। আটকৃতদের অস্ত্র ও বিস্ফোরণ মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, শান্তিপূর্ণভাবে হত্যা মামলার আসামি মিঠুর বাড়ি ঘেরাও করা হয়। এসময় তারা নানা শ্লোগান দেন। হঠাত্ মিঠুর লোকজন ও পুলিশ একত্রিত হয়ে এলাকাবাসীর ওপর হামলা চালিয়েছে। উল্টো নিরীহ সাতজনকে আটক করে অস্ত্র-বিস্ফোরকের মিথ্যা মামলা দেয়া হয়েছে। তবে যশোরের সহকারী পুলিশ সুপার রেশমা শারমীন দাবি করেছেন, মিঠুর বাড়িতে স্থানীয় লোকজন হামলা করায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক ও ১০টি হাতবোমা উদ্ধার করা হয়। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ‘ক্রিমিনালরা তো বলবেই মিথ্যা মামলায় অস্ত্র দিয়ে আটক দেখানো হয়েছে।’ প্রসঙ্গত, টুলু হত্যা মামলা ছাড়াও মিঠুর বিরুদ্ধে ফিরোজ হত্যা প্রচেষ্টা মামলা, আলমগীর হত্যা প্রচেষ্টা ও তার বাড়িতে বোমা হামলার মামলা রয়েছে।